চ্যাম্পিয়ন ষাঁড়, রানার্স আপ টিভি
ষাঁড় ও টেলিভিশন পুরস্কারের জন্য শুক্রবার লড়েছে শেরপুর জেলার দুই ইউনিয়নের দুই হাডুডু দল।
চ্যাম্পিয়নের পুরস্কার ষাঁড় এবং রানার্স আপ পুরস্কার টেলিভিশন ঘোষণা দিয়ে জেলার সদর উপজেলার লছমনপুর ও চরপক্ষীমারী ইউনিয়নের মধ্যে কৃষ্ণপুর দড়িপাড়ার লাল-সবুজ ক্লাব শুক্রবার এ হাডুডুু খেলার আয়োজন করে।
বিকেলে স্থানীয় গাউছিয়া দাখিল মাদ্রাসা মাঠে চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ার চর এবং লছমনপুর ইউনিয়নের টিকার চর গ্রামবাসীর মধ্যে অনুষ্ঠিত এ হাডুডু খেলাটি স্থানীয় জনগনের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। প্রায় ১০ হাজার দর্শক ব্যতিক্রমী পুরস্কারের এ খেলাটি উপভোগ করে।
খেলায় চুনিয়ার চর দল ২-১ সেটে টিকার চর দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের পুরস্কার হিসেবে পায় ষাঁড়। অপরদিকে রানার্স আপ হয়ে টিকার চর দল পায় টেলিভিশন।
