২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গতবছর সেচভূক্ত জমির পরিমাণ ০.৬৩ শতাংশ বেড়েছে

অতীতের অন্যান্য বছরের তুলনায় গত বছর সেচ প্রকল্পের আওতায় কৃষি জমির অন্তর্ভূক্তির হার ছিল দশমিক ৬৩ শতাংশ বেশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

গতবছর ২০০৪ সালে ৪০ দশমিক ৪৪ লাখ হেক্টর জমি সেচের আওতায় আনা হয়। অপরদিকে ২০০৩ সালে সেচের আওতায় ছিল ৪০ দশমিক ১৮ লাখ হেক্টর জমি।

গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে সেচ বৃদ্ধি পেলেও স্বল্প উত্তোলনযোগ্য পাম্প ও অযান্ত্রিক সেচের পরিমাণ অন্যান্য বছরগুলোর তুলনায় হ্রাস পেয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের জরিপ ও মনিটরিং প্রকল্পের আওতায় ২০০৪ সালে সেচ যন্ত্রপাতি এবং সেচের আওতাধীন বোরো জমির ওপর পরিচালিত এক জরিপে এ তথ্য জানা যায়। দেশের ৩১টি অঞ্চলের ৯২টি জোনে এ জরিপ পরিচালনা করা হয়।

সেচ উন্নয়ন সংক্রান্ত বিএডিসির জরিপ ও মনিটরিং প্রকল্পের প্রধান ভূ-তাত্ত্বিক খন্দকার ফজল হাসান বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, চলমান বোরো মৌসুম সেচ মৌসুম হিসেবে পরিচিত এবং এ মৌসুমে সেচের বেশিরভাগ যন্ত্রপাতি ব্যবহৃত হয়ে থাকে।

গত বছর সেচের আওতাধীন মোট জমির ৫ দশমিক ৯ লাখ হেক্টর জমিতে ২৪,৭১৮টি গভীর নলকূপের মাধ্যমে, ২৪ দশমিক ২৯ লাথ হেক্টর জমিতে ৯,২৫,১৫২টি অগভীর নলকূপের সাহায্যে এবং ৬ দশমিক ২৬ লাখ হেক্টর জমিতে ৭৭,৭৬৭টি স্বল্প উত্তোলনযোগ্য পাম্পের সাহায্যে সেচ দেওয়া হয়।

২০০৩ থেকে ২০০৪ সালের মধ্যে সার্বিক সেচের পরিমাণ বেড়েছে দশমিক ৬৩ শতাংশ। অগভীর নলকূপের সাহায্যে সেচ দেওয়া জমির পরিমাণ দশমিক ৮১ শতাংশ এবং অগভীর নলকূপের সাহায্যে সেচ দেওয়া জমির পরিমাণ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে স্বল্প উত্তোলনযোগ্য পাম্পের সাহায্যে সেচ দেওয়া জমির পরিমাণ পরিমাণ কমেছে ৪ দশমিক ৯২ শতাংশ।