রাজবাড়ীতে ছিনতাইকালে অস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার
রাজবাড়ী শহরের ভবানীপুরে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে একজন মোটর সাইকেল আরোহীর কাছ থেকে মানি ব্যাগ ও মোটর সাইকেল ছিনতাইকালে ডিবি পুলিশ তিন যুবককে আটক করেছে।
গ্রেফতারকৃতরা হল-রফিকুল ইসলাম রাজ (২৫), সাদনান (২০) এবং সুজন (২০)। এদের সবার বাড়ি রাজবাড়ী শহরে।
ছিনতাইয়ের শিকার মোটর সাইকেল আরোহী সফিক বিডিনিউজকে জানান, মোটর সাইকেলে করে সে তার এক সহকর্মীর বাড়ি যাওয়ার সময় হঠাৎ করে ছিনতাইকারীরা ভবানীপুর গোরস্থানের কাছে তার মোটর সাইকেলের গতিরোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে মানি ব্যাগ ও মোটর সাইকেল ছিনিয়ে নেয়।
এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এবং খবর পেয়ে ডিবি পুলিশ এসে ছিনতাইকারীদের অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে।
তবে ছিনতাইকারীদের সাথে থাকা অপর যুবক রহমান পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
