বোমা বিস্ফোরণে অর্থযোগানদাতা সন্দেহে সিলেটে আমেরিকা প্রবাসী গ্রেপ্তার
১৭ আগস্ট ধারাবাহিক বোমা বিস্ফোরণে অর্থযোগানদাতা সন্দেহে সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা বুধবার রাতে আমেরিকা প্রবাসী এক ব্যক্তিকে আটক করেছে।
আটক ওই প্রবাসীর নাম এএসএম ইদ্রিস মিয়া (৪০)।
র্যাব সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে নগরীর কলাপাড়ার ১১৯/২ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সদস্যরা ইদ্রিস মিয়ার কাছ থেকে তার আমেরিকান ও বাংলাদেশী দু’টি পাসপোর্ট জব্দ করে।
গ্রেপ্তারের পর তাকে র্যাব অফিসে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।
ইদ্রিস মিয়াকে বৃহস্পতিবার বিকেলে র্যাব কোতয়ালি থানায় হস্তান্তর করেছে।
ইদ্রিস মিয়াকে আটকের ব্যাপারে সিলেট র্যাব’র অধিনায়ক লে. কর্নেল নূরুল মোমিন খান বিডিনিউজকে বলেন, ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত ও অর্থযোগানদাতা হিসেবে ইদ্রিস মিয়া সম্পৃক্ত থাকতে পারে-একটি গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদকালে ইদ্রিস মিয়া স্বীকার করেছে, তার অর্থে চাঁদপুরের একটি মাদ্রাসা পরিচালিত হয়।
ইদ্রিস মিয়ার স্ত্রী জানান, তাদের দুই ছেলে ও এক মেয়ে আমেরিকার ভিসা পাওয়ায় তাদের নিয়ে যেতে তার স্বামী দেশে এসেছেন। ২০ সেপ্টেম্বর তার আমেরিকা ফিরে যাওয়ার কথা।
