২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের কাছে শিক্ষা ও উন্নয়ন সমার্থক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে শিক্ষাক্ষেত্রে বর্তমানে ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

কোনও কোনও ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। নারী শিক্ষায় বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি ১৯৮০ সালে গণশিক্ষা কার্যক্রম চালু করে। ১৯৯৩ সালে চালু করে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। ২০০৩ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করে। এসব উদ্যোগের ফলে স্কুলে ভর্তির হার বেড়েছে।

তিনি বলেন, শিক্ষাকে আমরা অতীত ও বর্তমানের মতো ভবিষ্যতেও সর্বোচ্চ গুরুত্বদান অব্যাহত রাখবো। আমাদের কাছে শিক্ষা ও উন্নয়ন সমার্থক।

প্রধানমন্ত্রী শিক্ষাকে জাতীয় ইস্যু হিসেবে আখ্যায়িত করে শিক্ষার বিস্তার ও গুনগত মান রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপিকা জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, শিক্ষা সচিব একেএম সামসুদ্দিন, ঢাকায় ইউনেস্কোর আবাসিক প্রতিনিধি উলফগ্যাং ভোলম্যান প্রমুখ।