২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩য় রাউন্ড বিডিং এ বছর হচ্ছে না

ভারতের গেইল এবং ওএনজিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি আগ্রহী হলেও প্রস্তুতির জন্য যথেষ্ট সময় না থাকায় বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলা চলতি বছরে ৩য় রাউন্ড বিডিং এ যেতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 04:43 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রস্তুতি শেষে আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে বিডিং আহ্বান করা যাবেনা। তবে তাদের সন্দেহ তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কয়েক মাস আগে সরকার এ ধরনের বিডিং আদৌ যাবে কি না।

সাগরে তেল গ্যাস অনুসন্ধানে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিড আহ্বান করার জন্য জ্বালানি উপদেষ্টা পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছিলেন।

পেট্রোবাংলার সংশ্লিষ্ট বিভাগগুলোতে অনুসন্ধান করে জানা গেছে, তারা ১৪ আগস্ট ৩য় রাউন্ড বিডিং নয়, বরং তৃতীয় রাউন্ড বিডিং এর প্রস্তুতি হিসাবে তথ্য-উপাত্ত সংগ্রহে একটি দরপত্র আহ্বান করার অনুমতি চেয়েছে।

কিন্তু আন্তর্জাতিক জলসীমানা নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা জ্বালানি মন্ত্রণালয়ের কাছে না থাকায় তারা পেট্রোবাংলাকে বিষয়টির অনুমোদন দিতে পারেনি।

আগামী ১১ সেপ্টেম্বর গভীর আন্তর্জাতিক জলসীমা নির্ধারণ নিয়ে একটি আন্ত:মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরার জন্য বৃহস্পতিবার পেট্রোবাংলায় একটি বৈঠক অনুষ্ঠানের কথা থাকলেও তা হয়নি বলে সূত্র জানায়।

পেট্রোবাংলা ৩য় রাউন্ড বিডিং এর প্রস্তুতি হিসাবে বঙ্গোপসাগরের শ্যালো ও ডিপ ওয়াটারে প্রাথমিক সাইসমিক সার্ভে, হাইড্রোগ্রাফি, জিওলোজিক্যাল ম্যাপিং ইত্যাদির জন্য দরপত্র আহ্বান করতে পারবে কি না তা আন্ত:মন্ত্রণালয় সভার সিদ্ধান্তের উপরই নির্ভর করছে।

পেট্রোবাংলার একটি সূত্র বিডিনিউজকে জানায়, জ্বালানি উপদেষ্টার নির্দেশে ৩য় রাউন্ড বিডিং এ যাওয়ার জন্য একটি মূল কমিটি এবং তিনটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ হবে ব্লকগুলোর সাইজ পুন: নির্ধারণ, মডেল পিএসসি পরিমার্জন এবং এক্সপ্লোরেশন অপর্চুনেটিস অব বাংলাদেশ প্রকাশনা চূড়ান্ত করণ। বিডিং এর জন্য এ ধরনের প্রকাশনা দরকার হয় এবং বাংলাদেশ অতীতেও তা করেছে।

নতুন পিএসসি করার বিষয়ে আদালতের যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারের জন্যও জোরেশোরে কাজ চলছে বলে সূত্র জানায়।

ছয়টি অফশোরসহ বাংলাদেশ মোট ২৩টি ব্লকে বিভাজিত। এর মধ্যে পিএসসি’র আওতায় ১০টি ব্লকে ইউনোকল, কেয়ার্ণ ও টাল্লো কাজ করছে। দু’টি ব্লক বাপেক্সের জন্য বরাদ্ধ রাখা হয়েছে।

পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, জ্বালানি মন্ত্রণালয় এবার কেবলমাত্র বঙ্গোপাসাগরে অনুসন্ধান কাজ করার নির্দেশনা দেয়। এর জন্য সাগরে আরো নতুন ব্লক সৃষ্টি প্রয়োজন। ছয়টি ব্লকের জন্য তিনটিতে পিএসসি আছে। মাত্র তিনটি ফাকা রয়েছে। অন্যদিকে এই ব্লকগুলোর অবস্থান স্থলভাগ থেকে ৮০-৮৫ নটিকাল মাইল দূরত্বের মধ্যে। কিন্তু নতুন করে বিডিং এ যাওয়ার আগে অর্থনৈতিক জোন ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত ব্লক বিভাজন এবং উপাত্ত সংগ্রহ করা দরকার।

পেট্রোবাংলার অপর এক কর্মকর্তা বলেন, ভারতের গেইল এবং ওএনজিসিসহ মালয়েশিয়া এবং চীনের বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমাদের ডিপওয়াটারে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু তথ্য উপাত্ত সংগ্রহের পর আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে কোনোভাবেই পেট্রোবাংলা ৩য় রাউন্ড বিডিং এ যেতে পারবে না।

তিনি সন্দেহ প্রকাশ করেন, তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কয়েক মাস আগে সরকার এ ধরনের বিডিং এ নাও যেতে পারে।

অবশ্য পেট্রোবাংলা কেবল সাগরের পুরনো এলাকায় অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করতে পারে। কিন্তু এতে কোনো সাড়া পাওয়া যাবে না বলে তিনি মত দেন।