ফয়’স লেক-এর ব্যবস্থাপনা সম্পর্কিত ত্রি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত
চট্টগ্রামে ফয়’স লেক-এর ব্যবস্থাপনা সম্পর্কিত ত্রি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পর্যটন করপোরেশন, বাংলাদেশ রেলওয়ে এবং কনকর্ড এন্টারটেইনমেন্ট লি. এর মধ্যে বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষে চেয়ারম্যান ড. মাহফুজুল হক, কনকর্ড গ্রুপের চেয়ারম্যান শেখ মো. কামাল উদ্দিন এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষে প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মকবুল আহমেদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহর ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, যোগাযোগ সচিব মো. শফিকুল ইসলাম এবং পর্যটন সচিব ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী।
এ চুক্তির আওতায় ৩৩৬ দশমিক ৬৯ একর এলাকা জুড়ে অবস্থিত ফয়’স লেককে আর্ন্তজাতিক মানসম্পন্ন পর্যটন বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
এর আগে ফয়’স লেকের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্যে যোগাযোগ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মধ্যে ২০০৩ সালের ২৪ জুলাই একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তির আওতায় রেলওয়ে কতৃপক্ষ ফয়’স লেককে পর্যটন করপোরেশনের কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে ফয়’স লেককে আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং এর প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা বাড়াতে ২০০৪ সালে পর্যটন করপোরেশন এবং মেসার্স কনকর্ড এন্টারটেইনমেন্ট লি.-এর মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির শর্ত হিসেবে কনকর্ড এন্টারটেইনমেন্ট লি. বাংলাদেশ রেলওয়ে এবং পর্যটন করপোরেশনকে লীজ প্রিমিয়াম ফি হিসেবে ২০০৪ সালের জন্যে ১০ লাখ, ২০০৫ সালের জন্যে ১৫ লাখ এবং পরবর্তী ৪৮ বছরের জন্যে ২৫ লাখ টাকা ও বাণিজ্যিক খাতে মোট বিক্রয়ের ৩% হারে অর্থ প্রাদন করবে।
এ পর্যন্ত কনকর্ড এন্টারটেননমেন্ট লি. বাংলাদেশ রেলওয়ে এবং পর্যটন করপোরেশনকে সর্বমোট ৩২ লাখ টাকা প্রদান করেছে।
