২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা হেফাজতে তিন বিদেশি: বাগেরহাট কারাগারে অর্ধাহারে দিন কাটাচ্ছে

বাগেরহাট কারাগারে নিরাপত্তা হেফাজতে থাকা আফ্রিকা মহাদেশের সিশেলস দ্বীপের তিন নাগরিক এক রকম অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 09:40 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বাংলাদেশী খাবারে অনভ্যস্ত তিন বিদেশি কারা কর্তৃপক্ষের দেওয়া আটার রুটি ছাড়া আর কিছুই মুখে তুলছেন না। নিয়ম না থাকায় কারা কর্তৃপক্ষ তাদের চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করতে পারছে না। ফলে জন নরিস (৩৫), রবিন জ্যাকব (৩৫) ও জেন পিয়ার (৪১) নামের ওই তিন বিদেশির মারাত্মক স্বাস্থ্যহানির আশঙ্কা করা হচ্ছে।

গত ২ আগস্ট নিজ দেশ থেকে ‘কিম’ নামের ভাড়া করা একটি সেইলিং বোট নিয়ে সাগর ভ্রমণে বের হয়ে ঝড়ের কবলে পড়ে ওই তিন বিদেশি বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় এসে পড়লে গত ৩০ আগস্ট নৌ-বাহিনী তাদের উদ্ধার করে। ৩ সেপ্টেম্বর আদালতের নির্দেশে তাদের বাগেরহাট কারাগারে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়।

এদিকে স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশের আন্তঃমন্ত্রণালয় এবং আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগের দীর্ঘসূত্রিতার আশঙ্কায় কারাগারে থাকা তিন বিদেশি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বঙ্গোপসাগরে প্রাকৃতিক দুর্বিপাকে পড়ে বাংলাদেশে উদ্ধার হওয়ার পর বিদেশিদের সাগর পথে এবং তাদের নৌযানে করেই দেশে ফিরিয়ে নেয়ার একাধিক নজির নিকট অতীতে রয়েছে।

বাগেরহাট কারাগারে খোঁজ নিয়ে জানা গেছে, স্থানাভাবে ওই তিন বিদেশিকে সাধারণ অপরাধী এবং হাজতিদের সাথে রাখা হচ্ছে। তাদের দেওয়া হচ্ছে জেলখানার নিয়মিত খাবার অর্থাৎ রান্না করা মাছ, ভাত, ডাল, সব্জি প্রভৃতি। কিন্তু একমাত্র আটার রুটি ছাড়া তারা আর কোনও খাবার খেতে পারছেন না। এমনকি কারাগারের সাপ্লাই লাইনের খাবার পানিও তারা খেতে চাচ্ছেন না। ১৭০ জন ধারণক্ষমতাসম্পন্ন বাগেরহাট কারাগারে এখন নয় শতাধিক বন্দি রয়েছে।

বাগেরহাট কারাগারের জেলার মো. আবু জাহিদ তিন বিদেশির খাওয়া ও থাকার অসুবিধার কথা স্বীকার করে জানান, কারাগারের নিয়মের আওতায় তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বিদেশিরা আদালতের কাছে তাদের জমাকৃত কিছু অর্থ চেয়ে আবেদন করেছে। কারাগার থেকে বিধি অনুযায়ী এ ব্যাপারে আদালতকে অবহিত করা হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান জানান, এ তিন বিদেশির দেশে ফেরার বিষয়টি একটি আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃদেশীয় যোগাযোগের ব্যাপার। জেলা প্রশাসন থেকে এ সংক্রান্ত ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ব্যক্তিদের জন্যে বাগেরহাটে পৃথক কোনও নিরাপত্তা হেফাজতখানা নেই।

বাংলাদেশের জলসীমায় অনিচ্ছাকৃতভাবে ঢুকে উদ্ধার হওয়া বিদেশিদের আইনী সহযোগিতা প্রদানে অভিজ্ঞ বাগেরহাট আদালতের আইনজীবী শাহীন সিদ্দিকী জানান, সীশেলস দ্বীপের এ তিন নাগরিকের বিরুদ্ধে কোনও মামলা না থাকায় তারা দ্রুত বাংলাদেশ ত্যাগ করার সুযোগ পাবেন।