চাঁদা না দেওয়ায় জয়পুরহাটে ১ জন খুন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ২ ক্যাডার আটক
জয়পুরহাটে বুধবার এক ব্যক্তিকে গুলি ও জবাই করে হত্যা করেছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এম-এল) লাল পতাকার সশস্ত্র ক্যাডাররা। ঘটনার পর গ্রামবাসী ধাওয়া করে দুই ক্যাডারকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টায় জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর রেল গেট তিনমাথা মোড়ে লাল পতাকার সশস্ত্র পাঁচ ক্যাডার আব্দুল জলিল নামে এক ব্যক্তিকে প্রথমে গুলি এবং পরে জবাই করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করার পর তারা পার্টির শ্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা মোবাইলে হত্যাকাণ্ডের খবর নওগাঁ জেলার বদলগাছী এলকায় জানিয়ে দেয়। হত্যাকারীরা ওই এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বদলগাছী বারফালা গ্রামের লোকজন তাদের ধাওয়া করে দুই ক্যাডারকে আটক করে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক দুই ক্যাডার হচ্ছে, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের রুহুল কুদ্দুস (২৭) এবং নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মারাকুণ্ডি গ্রামের সজল (২৫)।
আটককৃতরা পুলিশকে জানিয়েছে, চাঁদা না দেওয়ার কারণে তারা এ হত্যাকাণ্ড ঘটায়।
