ডেমরায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা গণপিটুনির শিকার
রাজধানীর ডেমরা থানার পশ্চিম যাত্রাবাড়িতে বুধবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা গণপিটুনির শিকার হয়েছে।
হিমু নামের এক যুবককে মাদকসহ আটকের পর সর্বস্ব কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগে ওই কর্মকর্তা জনতার রোষের শিকার হন।
হিমুকে পরে পুলিশের সহায়তায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আটক করে। তবে এ ব্যাপারে কোনো মামলা দায়ের করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা পশ্চিম যাত্রাবাড়ি এলাকার দয়াগঞ্জ থেকে বেশ কয়েক বোতল ফেনসিডিলসহ ওই যুবককে আটক করে।
পরে হিমুর মোবাইল ফোন, নগদ টাকা ও ফেনসিডিল নিয়ে ওই কর্মকর্তা তাকে ছেড়ে দিয়ে চলে যেতে থাকলে হিমু ‘ডাকাত, ডাকাত’ চিৎকার করে ধাওয়া দেয়। চিৎকার শুনে জনতা ওই কর্মকর্তাকে ধরে উত্তম মধ্যম দেয়।
স্থানীয় ওয়ার্ড কমিশনার আমির হোসেন এবং ডেমরা থানা ঘটনার কথা স্বীকার করেছে।
