২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্টের বোমা হামলায় জড়িতদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ অব্যাহত

সারা দেশে ১৭ আগস্টের ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 10:04 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বুধবার টাঙ্গাইল, হবিগঞ্জ ও নওগাঁ থেকে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে হবিগঞ্জে গ্রেফতারকৃত শামীম (২৫) জামায়াতে ইসলামীর সাবেক হবিগঞ্জ জেলা আমীর সাইদুর রহমানের ছেলে।

এদিকে বোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে খুলনায় গ্রেপ্তারকৃত জামা’আতুল মুজাহিদীন নেতা এবং ভারতীয় নাগরিক মামুদ বিন ইসহাককে বুধবার ১২ দিনের রিমান্ডে নিয়ে জেআইসিতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ভারতীয় নাগরিক মামুদ ১২ বছর ধরে খুলনায় বসবাস করে আসছে। খালিশপুর এলাকায় সে হোমিওপ্যাথির ব্যবসা করতো। কিন্তু এর আড়ালে মামুদ আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখতো। এছাড়া খুলনায় গ্রেপ্তারকৃত কলেজ ছাত্র আবদুল্লাহ আল মামুনকে বুধবার দু’দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

চট্টগ্রামে গ্রেপ্তারকৃত জেএমবির পাঁচজনকে বুধবার দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ডে নেওয়া হয়। খুলশী থানা পুলিশ বুধবার চট্টগ্রাম মহানগর হাকিমের (সিএমএম) আদালতে এই পাঁচজনের ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে সিএমএম মাকছুদুর রহমান সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রামে বোমা হামলার সাথে জড়িত জঙ্গিদের নেটওয়ার্ক সম্পর্কে নিশ্চিত তথ্য না দেওয়ায় পুনরায় রিমান্ডে নেওয়া হয়েছে বলে জয়েন্ট ইন্টারোগেশান সেল (জেআইসি) সূত্র জানিয়েছে। তবে পাঁচজনের মধ্যে দুইজন ইতিমধ্যে বোমা হামলায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বুধবার চুয়াডাঙ্গায় জেএমবির তিন নেতাকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডপ্রাপ্তরা হচ্ছে-জেএমবি’র জেলা কমান্ডার আরিফ খন্দকার, জেএমবি’র জেলা যুগ্ম কমান্ডার আলসানি জেএমবি’র জেলা সহকারী কমান্ডার সুমন। এর আগে আরিফ খন্দকারকে পাঁচ এবং বাকি দু’জনকে চার দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বাগেরহাটে জেএমবি নেতা মওলানা গাজী আবদুল্লাহকে আট দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বাগেরহাট সদর উপজেলার কালদিয়া গ্রামের আল্ মারকাজুল ইসলামী আস্ সালাফী মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষক জেএমবি নেতা বারকাতুল্লাহ আল্ মোর্শেদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্রে বোমা সরবরাহকারী হিসেবে পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করেছিল।

অন্যদিকে বুধবার টাঙ্গাইলে গ্রেপ্তারকৃত জেএমবি ক্যাডার ইয়াসিন (২০) বোমা বিস্ফোরণে জড়িত থাকার কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে দেলদুয়ার জমিদার বাড়ি মসজিদের মোয়াজ্জিন ইয়াসিন জানায়, সে প্রায় তিন মাস পূর্বে প্রশিক্ষণ নিয়েছে।

বোমা হামলায় জড়িত সন্দেহে বুধবার গ্রেপ্তার করা হয়েছে নওগাঁয় জেএমবি নেতা ও মাদ্রাসা শিক্ষক হাতেম আলী মোল্লা ও হবিগঞ্জে জামায়াতের ইসলামীর সাবেক জেলা আমীর মাওলানা সাইদুর রহমানের ছেলে শামীমকে।

এছাড়া জয়পুরহাটে পুলিশ প্রশাসন জেএমবির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। সে সাথে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বোমা বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠকদের নিয়ে ধারাবাহিকভাবে মতবিনিময় সভার আয়োজন অব্যাহত রেখেছে পুলিশ প্রশাসন।