২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত ৫ জন দ্বিতীয দফায় ৭ দিনের রিমান্ডে

গত ১৭ আগষ্ট চট্টগ্রামে বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত ৫ জনকে বুধবার দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

চট্টগ্রামে বোমা হামলার সাথে জড়িত জঙ্গিদের নেটওয়ার্ক সম্পর্কে নিশ্চিত তথ্য না দেওয়ায় পুনরায় রিমান্ডে নেওয়া হয়েছে বলে জয়েন্ট ইন্টারোগেশান সেল (জেআইসি) সূত্র জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে সদরুল আলম, আরশাদুল আলম, আহমদ মিয়া, আবদুর সাত্তার মোল্লা, ও জাহাঙ্গীর আলম। এই পাঁচ জন নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ’র সদস্য।

খুলশী থানা পুলিশ বুধবার চট্টগ্রাম মহানগর হাকিমের (সিএমএম) আদালতে এই পাঁচজনের ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে সিএমএম মাকছুদুর রহমান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেআইসির সমন্বয়কারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (গোয়েন্দা) মোশারফ হোসেন মিয়াজি বিডিনিউজকে বলেছেন, গ্রেপ্তারকৃতরা বোমা হামলা ও চট্টগ্রামে জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেও তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

গ্রেপ্তার হওয়া পাঁচ জনের মধ্যে দুইজন ইতিমধ্যে বোমা হামলায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে তিনি উল্লেখ করেন।

গত ৩১ আগস্ট ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।

জেআইসি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চট্টগ্রামে বোমা বিস্ফোরণের পরিকল্পনাকারিও আছে। গ্রেপ্তারকৃতরা পরিকল্পনাকারি হিসাবে আরও ২০ জনের নাম বলেছে।

ইতিমধ্যে চট্টগ্রামে জঙ্গি নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখায় একটি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া আরশাদ মিয়ার এই অ্যাকাউন্টের মাধ্যমে চট্টগ্রামে বোমা হামলার জন্য ঢাকা থেকে এক লাখ বিশ হাজার টাকা পাঠানো হয়েছিলো।