২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকাতিকালে গৃহকর্তা ও দুই ডাকাত নিহত

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর গ্রামে বুধবার ভোরে ডাকাতিকালে দুই ডাকাতসহ এক চাল ব্যবসায়ী নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 05:34 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকাতরা প্রথমে বাড়ির গৃহকর্তাকে গুলি করে। এরপর জনতার হাতে পাঁচ ডাকাত ধরা পড়ে এবং তাদের মধ্যে দুইজন পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। তবে তারা এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। গ্রামবাসী ও পুলিশ জানায়, প্রায় ১০ জন সশস্ত্র ডাকাত ভোর তিনটার দিকে চাল ব্যবসায়ী আব্দুল মান্নানের বাড়িতে প্রবেশ করে ব্যাপক লুটপাট শুরু করে।

এ সময়ে মান্নান (৩৫) চিৎকার শুরু করলে ডাকাতরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পরবর্তীতে স্থানীয়রা মান্নানের চিৎকারে এগিয়ে এসে বাড়ি ঘিরে ফেলে এবং পাঁচ ডাকাতকে হাতেনাতে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুই ডাকাত ঘটনাস্থলেই নিহত হয় এবং বাকি তিনজনও গুরুতর আহত হয়।

নিহত ডাকাতের নাম নিজাম ও আরমান। আহতরা হলো-সেলিম, প্রিয়তোষ এবং লিটন।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।