২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনায় দুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার ত্রাণের প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন মুসলিম সংগঠন

সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা আক্রান্ত মার্কিন অঙ্গরাজ্য লুইজিয়ানা, মিসিসিপি ও আলবামার দুর্গতদের জন্য ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (আইএসএনএ) ১০ মিলিয়ন ডলার ত্রাণ প্রদানের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 02:25 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

সংগঠনটির কর্মকর্তারা ৪২তম বার্ষিক কনভেনশনের শেষ দিনে এ ঘোষণা দেন।

ইসলামী সংগঠনটি কনভেনশনের প্রথম দিন থেকেই ‘ক্যাটরিনা ত্রাণ তহবিল’ নামে দুর্গতদের জন্য অর্থ উত্তোলন শুরু করে। শিকাগোর ইলিনয়েস-এর রোজমন্টে ২-৫ সেপ্টেম্বর সংগঠনটির বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়।

আইএসএনএ প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ নুর আব্দুল্লাহ জানান, ক্যাটরিনা দুর্গতদের জন্য সংগৃহীত তহবিল উত্তর আমেরিকার বিভিন্ন ইসলামী সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার ফল।

আমেরিকান মুসলিম মেডিকেল অ্যাসোসিয়েশন ও আমেরিকান মুসলিম সোশ্যাল সাইন্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে উপদ্রুত এলাকায় গিয়ে দুর্গতদের সেবা দিচ্ছে।

ক্যাটরিনায় দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের পাবলিক ডিপ্লোমেসি ও পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট কারেন হিউজেস আইএসএনএ’র প্রশংসা করেছেন।

বুশ প্রশাসনের সাথে মুসলিম সংগঠনগুলোর সম্পর্ক জোরদার করতে আইএসএনএ’র বার্ষিক কনভেনশনে কারেন হিউজেস উপস্থিত ছিলেন।