খাগড়াছড়িতে জামা’আতুল মুজাহিদীন সদস্যরা স্বীকার করেছে বোমা হামলায় বাংলা ভাই, আব্দুর রহমান ও জনযুদ্ধ জড়িত
খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৭ই আগস্ট বোমা হামলার ঘটনায় জড়িত জামা’আতুল মুজাহিদীনের গ্রেফতারকৃত চার সদস্য ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে স্বীকার করে, বোমা হামলার ঘটনায় জনযুদ্ধ সহযোগিতা করেছে।
এছাড়া তারা বাংলা ভাই এবং শায়খ আব্দুর রহমানের নাম উল্লেখ করে।
মঙ্গলবার বিকেলে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জাফর আলম এর আদালতে তারা এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পুলিশ জানায়, প্রাথমিক পর্যায়ে চারজনের জবানবন্দি নেয়া হয়। এরা হচ্ছে-হাসান আল মাহামুদ, রুহুল আমিন, বেলাল এবং মঞ্জু।
১৭আগস্ট বোমা হামলা ঘটনার পর এই প্রথম খাগড়াছড়িতে আটক জেএমবি সদস্যরা ম্যজিষ্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
জবানবন্দিতে আটককৃতরা স্বীকার করে, ঘটনার তিনদিন আগে থেকে তারা দিঘীনালার চোংড়াছড়ির একটি মসজিদে একদিনের ট্রেনিং নেয়।
এদিকে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে জামা’আতুল মুজাহিদীনের বেশ কিছু লিফলেট পাওয়া গেছে। এদের একটি হচ্ছে ‘জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের ইতিহাস, জামা’আতুল মুজাহিদীনের কর্মীদের প্রতি আহ্বান।
