চট্টগ্রামের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি রুটে অনির্দিষ্টকালীন বাস ধর্মঘটের ডাক মঙ্গলবার দ্বিতীয় দিনে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক পক্ষের সাথে সরকার পক্ষের প্রতিনিধি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ-আল-নোমানের সফল আলোচনার পর এ ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।
তবে তিন পক্ষ আগামী বৃহস্পতিবার আবার বৈঠকে বসবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
চট্টগ্রাম রাঙামাটি মটর মালিক সমিতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাসভাড়া বৃদ্ধির দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছিলো।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এ সমঝোতা বৈঠকে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, বিআরটিএ প্রতিনিধিবর্গ এবং বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
