২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মিশুক চালকদের সাথে ছাত্রদল নেতা কর্মীদের সংঘর্ষ, আহত ১৫

রাজশাহী পলিটেকনিক ইনিস্টিটিউটের ছাত্রদল নেতাদের সাথে মিশুক চালকদের এক সংঘর্ষে দুই ছাত্রদল নেতাসহ ১৫ জন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

র‌্যাবের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

পুলিশ জানায়, বেলা ১১ টার দিকে পলিটেকনিক ইনিস্টিটিউট শাখা ছাত্রদল সম্পাদক জহির ও তার সঙ্গী পরাগকে শালবাগান বাজারের সামনের রাস্তায় একটি মিশুক ধাক্কা মারে। এই নিয়ে ছাত্রদল নেতারা ইনিস্টিটিউটের সামনের সড়কে কয়েকটি মিশুক আটক করে। এক পর্যায়ে ঘটনাস্থলে আরও কয়েকজন মিশুক চালক পৌঁছে আটকের প্রতিবাদ করে এবং ছাত্রদল নেতাদের ওপর চড়াও হয়। বেলা ১২ টার দিকে ছাত্রদল নেতারা ইনিস্টিটিউটে পৌঁছে নেতা কর্মীদের ডেকে এনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে ২৫ টি মিশুক আটক করে। এ সময় মিশুক চালকদের সাথে ছাত্রদল নেতা কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। ছাত্রদল নেতা কর্মীরা দু ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। বেলা ২ টার দিকে র‌্যাব’র সদস্যরা ঘটনাস্থলে এলে ছাত্রদল নেতা কর্মীরা অবরোধ তুলে নেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজন মিশুক চালককে গ্রেপ্তার করেছে। বোয়ালিয়া থানার ডিউটি অফিসার জানান, কোন পক্ষই রাত ৮ টা পর্যন্ত মামলা করেনি।