বাগেরহাটে ভাইয়ের হাতে ভাই ও ভগ্নিপতির হাতে গৃহবধূ নিহত
বাগেরহাটে ভগ্নিপতির ধারালো অস্ত্রের আঘাতে ফরিদা বেগম (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
অপর দিকে ৭ বছর বয়সী ভাই এর হাত থেকে পড়ে যাওয়া ধারালো দায়ের আঘাতে নিহত হয়েছে ছোট ভাই সবুজ (৩)।
সোমবার গভীর রাতে রামপালের রামদেবপুর গ্রামে এবং মঙ্গলবার ভোরে সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে পৃথক এই দুটি হত্যার ঘটনা ঘটে। উভয় লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশ জানায়, রামপালের উজলকুড় ইউনিয়নের রামদেবপুর গ্রামের দুই সন্তানের জননী ফরিদা তার ভগ্নিপতি আজিজুর রহমানের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হন। সোমবার গভীর রাতে বেড়া কেটে ঘরে ঢুকে সে এই ঘটনা ঘটায়। এ সময় ফরিদার স্বামী রেজাউল বাড়িতে ছিলো না। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আজিজ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহতের স্বামী রেজাউল এ ব্যাপারে আজিজুরকে আসামী করে রামপাল থানায় হত্যা মামলা করেছে।
অপরদিকে বিষ্ণুপুর গ্রামের হান্নান শেখের ৭ বছরের পুত্র মঙ্গলবার সকালে নারকেল গাছের পাতা কাটতে গাছে উঠলে হাত ফস্কে পড়ে যাওয়া ধারালো দা এর আঘাত গাছের তলায় দাড়ানো ছোট ভাই সবুজের মাথায় লাগে। বাগেরহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ মারা যায়। এ ব্যাপারে বাগেরহাট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
