ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন স্থাপনে দ্রুত সিদ্ধান্তের পক্ষে অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার বলেন, ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন স্থাপনের ব্যাপারে তিনি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে।
তিনি বলেন, প্রস্তাবিত ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন স্থাপনের এখনই চূড়ান্ত সময় এবং এখন চুক্তি স্বাক্ষরিত হলেও কার্যক্রম শুরু করতে আরও আড়াই বছর লাগবে।
ভারতের সফররত পেট্রোলিয়াম মন্ত্রী মনি শংকর আয়ার সোমবার তার সাথে সাক্ষাৎ করেন।
মনি শংকর আয়ার সাংবাদিকদের বলেন, আমি আশা নিয়ে দেশে ফিরে যাচ্ছি। প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, জ্বালানি মন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে আমার বৈঠক হয়েছে। তাদের সাথে বৈঠকের সাফল্যের ব্যাপারে আমি আমার সরকারকে অবহিত করব।
আয়ার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ বিশেষ করে ট্রানজিট রুট ও রোড নেটওয়ার্কের ব্যাপারে প্রস্তাব দিলে আমরা তাদের চাহিদা পূরণ করব।
তিনি বলেন, দু পক্ষের মধ্যে প্রধান ইস্যুতে ঐকমত্য হয়েছে, কিন্তু কিছু দ্বিপাক্ষিক বিষয়ে ঐকমত্যে পৌঁছার জন্যে আলোচনা প্রয়োজন।
পাইপলাইন ইস্যুতে আলোচনার ক্ষেত্রে স্বচ্ছতা ও খোলাখুলি মত প্রকাশের অভাব লক্ষ্য করেছেন সাইফুর রহমান। খোলামেলা আলোচনার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক বিশ্বাসের অভাবে খোলামেলা আলোচনা হচ্ছে না।
নেপালের সাথে বাংলাদেশের ট্রানজিট সুবিধা প্রতিষ্ঠার ব্যাপারে ভারত রাজি থাকলেও সাইফুর রহমান সংকীর্ণ ও খারাপ সড়ক ব্যবস্থাসহ অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করেন।
