চীনের ৩০টি রেলওয়ে এসি ক্যারেজ সংগ্রহে চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ রেলওয়ে ঢাকাণ্ড-চট্টগ্রাম ও ঢাকাণ্ড-সিলেট রুটে এসি ট্রেন সার্ভিস চালু করবে। এ লক্ষ্যে চীনের ৩০টি মিটার গেজ এসি রেলওয়ে ক্যারেজ কয়েক মাসের মধ্যে দেশে এসে পৌঁছবে।
সোমবার রেল ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ে এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ৭০ কোটি ৫৪ লাখ টাকা প্রকল্প ব্যয়ে এসি ক্যারেজগুলো বাংলাদেশ রেলওয়েতে সংযোজিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক এম আবদুল্লাহ এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের রেলওয়ে বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার ঝাও জুন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
মন্ত্রী বলেন, সরকার বাংলাদেশ রেলওয়েকে থ্রাস্ট সেক্টর হিসেবে চিহ্নিত করে যাত্রী সেবার মানোন্নয়ন এবং সুষ্ঠু মালামাল পরিবহনের লক্ষ্যে আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থা প্রবর্তনের জন্য প্রায় ৮শ’ ৩৮ কোটি টাকা ব্যয়ে ২৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে যোগাযোগ সচিব মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফম মোস্তাফিজুর রহমান, চায়না কমিউনিস্ট পার্টি কমিটির সেক্রেটারি এবং চেং চুন রেলওয়ে ভেইক্যালস কোম্পানী লি. এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ডং ঝিয়াও ফেং, চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট সান উই বাংলাদেশ রেলওয়ে ও যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
