কুরিয়ার সার্ভিসের হোম ডেলিভারিতে ফেনসিডিল
ফেনসিডিল সরবরাহের নতুন পদ্ধতি ব্যবহার করছে মাদক বিক্রেতারা।
নারকেলের খোল, কুমড়োর ভেতর কিংবা ভদ্রলোকদের ব্রিফকেসের মধ্যে নয়, এবার তারা প্লাস্টিক বোতলে তরল ফেনসিডিল ভরে তাতে ‘ফার্নেস’ লেবেল এঁটে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকাসহ অন্যত্র পাঠাচ্ছে।
সোমবার যশোরে এমনই এক ঘটনা ঘটেছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাঁশতলা নামক স্থানে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুই লিটার ধারণক্ষম চারটি ‘সেভেনআপ’ বোতলে ভরা তরল ফেনসিডিল উদ্ধার করেন।
বেশ নতুন কায়দায় একটি কার্টনে বোতল চারটি প্যাক করে তাতে ফার্নেস লিখে ডেলিভারি দেয়া হয়েছিলো। কুরিয়ার সার্ভিসের বুকিং স্লিপে প্রেরকের স্থানে রফিক স’মিল, যশোর এবং প্রাপক-জনতা টিম্বার ট্রেডার্স, প্রযত্নে সুরুজ মিয়া, ৩৭১ ডিআইটি রোড, পূর্বরামপুরা, ঢাকা লেখা ছিল।
