এ অঞ্চলের জ্বালানি নিরাপত্তায় ত্রিদেশীয় গ্যাস পাইপ সংযোগ খুবই গুরুত্বপূর্ণ: আয়ার
ভারতীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী মনি শংকর আয়ার সোমবার বলেছেন, এ অঞ্চলের জ্বালানি নিরাপত্তায় ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন সংযোগ খুবই গুরুত্বপূর্ণ।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত, বাংলাদেশ এবং মায়ানমার তিনটি দেশই ত্রিদেশীয় পাইপ লাইনের ব্যাপারটির প্রশংসা করেছে এবং সবাই একমত, এ অঞ্চলের নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব অপরিসীম। তিনি এসময় ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এক বৈঠকে ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের যৌথ সংবাদ বিবৃতির কথা উল্লেখ করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের সঙ্গে প্রায় ঘন্টাব্যাপী এক বৈঠকের পর তিনি বলেন, ত্রিদেশীয় গ্যাস পাইপ লাইনের ব্যাপারে অগ্রগতি হচ্ছে।
ভারতের জ্বালানি মন্ত্রী বলেন, আমি আমার মতামত তাকে জানিয়েছি এবং মাননীয় মন্ত্রীর কথাও মনোযোগ দিয়ে শুনেছি। হাইড্রোকার্বন সেক্টরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পেতে পারে বলে তিনি আশা করেন। জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি এ ব্যাপারে কথা বলবেন বলে জানান।
পররাষ্ট্রমন্ত্রীর সাথে আয়ারের সাক্ষাতের সময় বেলা সোয়া এগারোটায় নির্ধারিত থাকলেও পায়ের আঘাতের কারণে প্রায় ঘন্টাখানেক দেরিতে হুইলচেয়ারে করে তিনি উপস্থিত হন।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি,পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান এবং পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
