২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র‌্যাবের ক্রসফায়ারে জনযুদ্ধের শীর্ষ নেতা নিহত

খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকায় সোমবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের অন্যতম শীর্ষ নেতা শোয়েব নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 11:26 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব-৬ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, শোয়েব তার সহযোগীদের নিয়ে নাশকতা করতে প্রাইভেটকার যোগে মাওয়া-গোপালগঞ্জ হয়ে সড়ক পথে খুলনা আসছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা খুলনা মহানগরীর বিভিন্ন সড়কে এবং শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, টহল ও তল্লাশী কার্যক্রম জোরদার করে।

শোয়েব ও তার সহযোগীরা সোমবার ভোর পৌনে ৪টায় রূপসা উপজেলার কাটাখালী মোড় হয়ে রূপসা ব্রিজের দিকে রওনা দেয়। সাথে সাথে চেকপোস্ট থেকে জাবুসা মোড়ে অবস্থানরত র‌্যাবের পেট্রোল টিমকে তাদের গাড়ি প্রতিরোধ করতে নির্দেশ দেওয়া হয়।

র‌্যাব সদস্যরা শোয়েবের গাড়ির গতিরোধ করতে গেলে তারা র‌্যাব সদস্যদের ওপর গুলি চালায়।

র‌্যাবও পাল্টা গুলি চালালে ক্রসফায়ারে পড়ে শোয়েব ঘটনাস্থলেই নিহত হয়।

উভয় পক্ষের মধ্যে প্রায় ১৫/২০ মিনিট গুলি বিনিময় হয়।

শোয়েবের সহযোগীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি একনলা বিদেশী বন্দুক, একটি দেশি রিভলবার, পাঁচ রাউণ্ড বন্দুকের গুলি, তিন রাউণ্ড পিস্তলের গুলি, তিন রাউণ্ড বন্দুকের গুলির খোসা এবং একটি টয়োটা সাদা কার উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, শোয়েবের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও বোমা হামলাসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে।