২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গৃহবধু ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

যশোরের ঝিকরগাছায় গৃহবধু শিল্পী খাতুনকে (২৫) ধর্ষণ ও পরে হত্যার দায়ে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিল্পীর স্বামীসহ পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমডি নুর মোহাম্মদ মোড়ল রোববার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, শিল্পীর স্বামী নূর ইসলাম, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান জিয়া, ফাজিল উদ্দিন ওরফে আজিজুর এবং আজিজুল ইসলাম। এদের মধ্যে আজিজুল ইসলাম পলাতক রয়েছে। অন্যরা জেল হাজতে আটক আছে।

আদালত সূত্র জানায়, ২০০২ সালের ৩১ নভেম্বর রাতে ঝিকরগাছা উপজেলার টাওরা গ্রামের নূর ইসলাম তার চার সহযোগীকে নিয়ে স্ত্রী শিল্পী খাতুনকে উপর্যুপরি ধর্ষণ এবং পরে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনার পরদিন শিল্পীর চাচা রাজিবুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন।

১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।