মনি শংকর আয়ার সোমবার ঢাকায় আসছেন
ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী মনি শংকর আয়ার দু'দিনের সরকারি সফরে সোমবার ভোরে ঢাকায় আসছেন।
মায়ানমারের গ্যাস ভারতে নিয়ে যাওয়ার জন্যে ত্রিদেশীয় পাইপ লাইন নির্মাণে তিন দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের বিষয়টি এগিয়ে নিতেই তার এ সফর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও বহিঃপ্রচার বিভাগের পরিচালক জহিরুল হক সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের আমন্ত্রণে ভারতীয় মন্ত্রীর এটি একটি শুভেচ্ছা সফর। তিনি আরো জানান, অতিরিক্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন আইয়ারকে বিমান বন্দরে অভ্যর্থনা জানাবেন।
ঢাকা শেরাটন হোটেলে সোমবার দুপুরে দুদেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান। তার সাথে থাকবেন বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন, জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। ভারতীয় পক্ষের নেতৃত্ব দেবেন মনি শংকর আয়ার। তার সাথে থাকবেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার বীণা সিক্রি, পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তালমিজ আহমেদ এবং যগ্মসচিব শ্রীবাস্তব। প্রতিনিধি দলে গ্যাস অথরিটি অব ইন্ডিয়া (জিএআইএল) এর চেয়ারম্যানও থাকবেন বলে জানা গেছে।
আয়ারের বাংলাদেশ সফর নিয়ে আলাপকালে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, তিন দেশের বিশেষজ্ঞরা মিলে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বসে যে খসড়া সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়ন করেছিলেন, তার আলোকে পরবর্তি কাজের জন্যে বাংলাদেশ প্রস্তুত আছে। কিন্তু মাঝে ভারত বিকল্প খুঁজতে গিয়ে দ্বিধা সৃষ্টি করেছিল। এবারের বৈঠকে যদি ভারত আগের খসড়া এমওইউ মেনে ত্রিদেশীয় পাইপ লাইন এগিয়ে নিতে চায়, তা হলে তো কোনো সমস্যা নেই।
পাইপ লাইন প্রকল্পের বাইরে জ্বালানি খাতে দুদেশের মধ্যে সহায়তার প্রশ্নে আসন্ন বৈঠকে আলোচনা হবে বলে মাহমুদুর রহমান আশা করছেন। তিনি বলেন, মানব সম্পদ উন্নয়নে বিশেষ করে কয়লা খাতে জনবল উন্নয়নে আমরা ভারতের কাছে প্রশিক্ষণ সুবিধা চাইবো। অন্যদিকে তেল গ্যাস অনুসন্ধান খাতে দু’দেশের কারিগরি সহায়তার বিষয়টিও আলোচনায় স্থান পাবে।
ইতোমধ্যে ভারতীয় প্রতিষ্ঠান ওএনজিসি বঙ্গপোসাগরে তেল গ্যাস অনুসন্ধান এবং টাটা কয়লা খনি উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া ভারতের অপরাপর জ্বালানি কোম্পানিগুলো বাংলাদেশের এ খাতে বিনিয়োগে আগ্রহী।
জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, পাইপ লাইন নির্মাণে বাংলাদেশের তিন শর্তÑ বাণিজ্য বৈষম্য কমানো, ভুটান এবং নেপালের সাথে যানচলাচল ও জলবিদ্যুত আমদানি সুবিধা মেনে নিয়ে খসড়া সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়। পরে ভারতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, বাংলাদেশ কীভাবে এ শর্তগুলোর বাস্তবায়ন চায়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ তিন শর্ত বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমাদের সুপারিশ উপস্থান করা হবে।
সূত্র জানায়, খসড়া সমঝোতা স্মারক মেনে ভারত ত্রিদেশীয় পাইপ লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী হলে তিন দেশের মধ্যে এমওইউ স্বাক্ষরের সম্ভাব্য সময় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। তবে বিষয়টি নিয়ে মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ তার তিন শর্তে অনড় আছে। বল ভারতের কোর্টে। তারা আন্তরিক হলেই ত্রিদেশীয় পাইপ লাইন নিয়ে পরের কাজ দ্রুত এগিয়ে যাবে।
ত্রিদেশীয় পাইপ লাইন নির্মাণে দেশীয় প্রতিষ্ঠান মোহনা হোল্ডিং লিমিটেড এর প্রস্তাবের ওপর ভিত্তি করে গত জানুয়ারি মাসে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত তিন দেশের জ্বালানি মন্ত্রীদের বৈঠকে সকল পক্ষ এ পাইপ লাইন নির্মাণে নীতিগতভাবে সম্মত হন।
পরে এ কাজ এগিয়ে নেয়ার জন্যে তিন দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকনো কর্মাশিয়াল কমিটি গঠন করা হয়। কমিটি গত ফেব্র“য়ারি মাসে মায়ানমারে বসে খসড়া এমওইউ চূড়ান্ত করে। এটি বর্তমানে স্বাক্ষরের অপেক্ষায় আছে। ভারত বাংলাদেশের তিন শর্ত পূরণে সম্মত হয়ে এ খসড়া চূড়ান্ত করেছিল।
এ আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও আয়ার তার সফরকালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
মনি শংকর আয়ার মঙ্গলবার বিকেলে দিল্লীর পথে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
