বরিশালের ৪ জেলায় লোডশেডিং, গ্রাহকদের বিক্ষোভ, অফিস ভাংচুর
বরিশাল বিভাগের চার জেলায় বিদ্যুতের লোডশেডিংয়ে বিগত ২০ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। প্রতিদিন গড়ে ২১টি ফিডারের মধ্যে ৮/১০টি বন্ধ থাকায় লোডশেডিংয়ের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
গত তিন ধরে মোট চাহিদার এক তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। ফলে বিক্ষুব্ধ গ্রাহকরা জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ অফিস ভাংচুর করেছে পাশাপাশি বিক্ষোভ অব্যাহত রয়েছে।
এ অবস্থায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিক) লোড ডেসপাচে গাফিলতি হলে কর্মচারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র একথা জানায়।
সূত্র জানায়, বরিশাল বিভাগের মাত্র ২১টি ফিডার দিয়ে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী জেলার বিদ্যুত সরবরাহ করা হয়। এর মধ্যে ৩৩ কেভির হাইস্টেশন ফিডার রয়েছে চারটি, ১১ কেভির লো স্টেশন ফিডার ১৭টি। পিক আওয়ারে ২১টি ফিডারের ৬২/৬৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ২৫/২৬ মেগাওয়াট।
নগরীতে ৩৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে তিন জেলায় মোট ২৫/২৬ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করা হচ্ছে। ফলে ৮/১০টি ফিডারের বিদ্যুত সরবরাহ দৈনিক ৭/৮ ঘন্টা বন্ধ রাখা হচ্ছে।
বরিশাল বিদ্যুত বিতরণ বিভাগের সূত্র মতে, গত সাত দিনে পিক-অফ পিক মিলিয়ে বরিশালে গড়ে ২৬ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করা হয়েছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, বিগত ২০ বছরের মধ্যে রাত ১২টার পর লোডশেডিং এই প্রথম।
বরিশাল বিদ্যুত বিভাগের একটি সূত্র জানায়, সাইড কানেকশনের মাধ্যমে বিদ্যুৎ চুরি বেড়ে যাওয়ায় লোডশেডিং পাল্লা দিয়ে বাড়ছে।
এদিকে লোডশেডিংয়ের ফলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর, মহীপুর মৎস্য বন্দর সংলগ্ন বরফ কলে উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে মৎস্যজীবীদের উপর।
এছাড়া শিল্প-কারখানায় উৎপাদনও ব্যহত হচ্ছে।
লোডশেডিং-এ অতিষ্ঠ হয়ে বরিশালের বানারীপাড়া এবং মুলাদীতে বিক্ষুব্ধ গ্রাহকরা অফিস ভাংচুর করেছে। এছাড়া বিক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বিক্ষোভ অব্যাহত রেখেছে।
