২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত

জেলার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুরে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আমিরুল ওরফে শুটকি ওরফে ফারুক (৪০) শনিবার রাত সোয়া ১১টার রামদিয়া বাওড়ের কাছে পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

পুলিশ জানায়, চুয়াডাঙ্গায় সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হওয়ার পর চরমপন্থী নেতা আমিরুল এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর সে নারায়ণগঞ্জে নির্মাণ ও মোজাইক শ্রমিক হিসেবে কাজ করতে থাকে।

গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোনারগাঁ উপজেলার বাড়দি লোকনাথ মন্দিরে অভিযান চালিয়ে কর্মরত অবস্থায় আমিরুলকে গ্রেফতার করে।

এ খবর পেয়ে দারোগা কাজী জালালের নেতৃত্বে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জে যায় এবং আমিরুলকে সাথে নিয়ে শনিবার দুপুরে আলমডাঙ্গায় ফিরে আসে।

আমিরুল পুলিশের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আলমডাঙ্গা থানার ওসি আব্দুল বাছেদের নেতৃত্বে পুলিশের একটি দল আমিরুলকে সাথে নিয়ে রাত সোয়া ১১টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য বের হয়। তারা খাসকররা ইউনিয়নের রামদিয়া গ্রামে সহযোগী চরমপন্থী টাকুর বাড়ির অদুরে স্থানীয় বাওড়ের পাশে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় আমিরুল পুলিশের হেফাজত থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় তার সহযোগীরা অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থল থেকে একটি শার্টারগান, ছয় রাউণ্ড বন্দুকের তাজা গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

আলমডাঙ্গা থানার ওসি আব্দুল বাছেদ খাঁন পিপিএম বিডিনিউজকে জানান, আমিরুলের বিরুদ্ধে সাতটি হত্যাসহ ডজন খানেক মামলা রয়েছে।

নিহত আমিরুল পারলক্ষীপুর গ্রামের মৃত আমানত আলীর ছেলে।