শেরপুরে বজ্রপাত ও পানিতে ডুবে শিশুসহ ৪ জন নিহত, আহত ৩
শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলায় শনিবার সকালে বজ্রপাতে তিনজন নিহত এবং এক গৃহবধূসহ অপর তিনজন আহত হয়েছে। এছাড়া সদর উপজেলার গাজীরখামার গ্রামে পানিতে ডুবে মারা গেছে এক শিশু।
বজ্রপাতে নিহতরা হল শ্রীবরদী উপজেলার পোড়াগড় গ্রামের ওয়ারেছ আলী (৩৫), ভায়াডাঙ্গা বাগহাতা গ্রামের বাচ্চা মিয়া (৩৫) এবং ঝিনাইগাতি উপজেলার জুলগাওয়ের নেপাল শেখ (৫০)।
বজ্রপাতে আহত জুলগাওয়ের আব্দুল মতিনকে (৪০) শেরপুর জেলা হাসপাতালে এবং পোড়াগড়ের সিরাজুলকে (৫৫) শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধু ছাইতন নেসাকে (২৫) প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এদিকে শনিবার বিকেলে শেরপুর সদর উপজেলার গাজীরখামার গ্রামে পানিতে ডুবে শাপলা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
