ভেজাল বিরোধী অভিযান, অগোরা’র ৫০ হাজার টাকা জরিমানা
রাজধানী ঢাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারি ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট শনিবার ধানমণ্ডির জিগাতলার অভিজাত শপিং মল ‘অগোরা’র বিরুদ্ধে মামলা দায়ের ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
পঁচা মাছ ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুদ রাখার অভিযোগে বিশুদ্ধ খাদ্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বেলা দুটায় মহানগর ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলার নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) একটি দল অগোরা’য় অভিযান চালায়।
এ সময় শপিং মলটিতে বিপুল পরিমান ‘নূরানী’ আটা, ‘রাজকমল’ ও ‘নূর’ শরিষার তেল পাওয়া যায়। এগুলোর কোনোটিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ছিলো না। মলটিতে ডায়মন্ড ব্র্যান্ডের যে আটা ছিল, তারও মেয়াদ শেষ হয়েছে গত ১১ আগস্ট।
এছাড়া ‘ভোজন বিলাস’ ও ‘প্রাণে’র চিনি গুড়া ব্র্যান্ডের যে চাল পাওয়া গেছে, তাতেও উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিলো না। ‘প্রাণে’র এনার্জি বিস্কুটেরও গায়ে কোনো তারিখের বালাই পাওয়া যায়নি। গ্রীণ ব্র্যান্ডের প্যাকেটজাত চিনি ও শিশু খাদ্য হিসেবে বিক্রয়ের জন্য মজুদ চকলেটগুলোও একই অবস্থায় পাওয়া যায়।
মলটিতে বিক্রির জন্য মজুদ রাখা তিন থেকে পাঁচ কেজি ওজনের ১০টি রুই মাছের মধ্যে নয়টিই পঁচা পাওয়া যায়। সামুদ্রিক মাছ ‘টোনা’ও ছিল পঁচা ও দুর্গন্ধ। অগোরা’র স্টোর রুমে পাওয়া যায় ‘কোটিস রাসবেরি’ নামে মেয়াদোত্তীর্ণ ফলের রসের প্যাকেট।
ম্যাজিস্ট্রেট এসব পাওয়ায় অগোরা’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার রায়ে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এতে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
পরে ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বী হলের দুইটি ক্যান্টিন ও দুইটি ডাইনিংয়ে অভিযান চালায়।
এগুলোতে ময়লা আবর্জনাযুক্ত পরিবেশ এবং রান্না করা মাছ ও ভাত খোলা অবস্থায় পাওয়া যায়।
এ কারণে ম্যাজিস্ট্রেট দুটি ক্যান্টিন ও একটি ডাইনিংয়ের তিনজন ম্যানেজারকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলায় তাদের এক মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহানগর হাকিমের আদালত ও বিএসটিআইয়ের আরো তিনটি ভ্রাম্যমান আদালত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
একই ম্যাজিস্ট্রেট পরে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বী ছাত্রাবাসে অভিযান চালিয়ে তিনটি ক্যান্টিন ও ডাইনিংয়ের ম্যানেজারকে আটক করে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। তাদের আরো এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
