বিদ্যুতের ওপর নির্ভর করেই সকল সেক্টরের উন্নয়ন নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বিদ্যুতের ওপর নির্ভর করেই শিল্প, কৃষি ও আইটিসহ সকল সেক্টরের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী শনিবার টঙ্গীর গোপালপুর সাত রং এলাকায় ৮০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রতিযোগিতা টিকে থাকতে হলে বিদ্যুৎ খাতের উন্নয়ন, সংস্কার ও সম্প্রসারণ করতে হবে। আর এজন্যেই উন্নত, আত্মমর্যাদাশীল দেশ গঠনের জন্যে বিদ্যুৎ খাতের উন্নয়নে আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিডিবির চেয়ারম্যান মো. সাখাওয়াৎ হোসেন, যুগ্মসচিব মো. ওয়াহিদুন্নবী চেীধুরী, চীনের রাষ্ট্রদূত মিস্টার চাউশি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুষ্ঠু ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ। আধুনিক বিশ্বে বিদ্যুৎ হচ্ছে উৎপাদন ও উন্নয়নের চালিকাশক্তি। আমরা মাত্র শতকরা ৩৫জন লোককে বিদ্যুৎ দিতে পেরেছি। প্রতি বছর আট থেকে ১০ শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বাড়ছে। জাতীয় প্রবৃদ্ধি বাড়াতে হলে বিদ্যুতের চাহিদার সঙ্গে মিল রেখে এর উৎপাদনও বাড়াতে হবে।
বেগম জিয়া বলেন, ২০২০ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা সরকারি ও বেসরকারি উদ্যোগকে সম্পৃক্ত করে কাজ করছি। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার কথা বিবেচনা করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্যে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, জাতীয় উন্নয়নে বিদ্যুতের গুরুত্ব বিবেচনা করে উৎপাদনশীল খাতে এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যুতের অপচয় ও অপব্যবহার কমাতে হবে। বিদ্যুতের এফিশিয়েন্ট ইউজ নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বড় পুকুরিয়ায় উৎপাদিত ২৫০ মেগাওয়াটসহ আগামী ফেব্র“য়ারি নাগাদ জাতীয় গ্রিডে নতুন আরও ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে। তিনি বলেন, আগামী এক বছরে প্রায় ৬শ’ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন ও পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলো সংরক্ষণের মাধ্যমে আরো ২শ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে প্রদান করা হবে। এছাড়া আরো প্রায় ১১শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও পাওয়ার প্ল্যান্ট স্থাপনের প্রক্রিয়া চলছে।
বেগম জিয়া আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বিদ্যুৎ চাহিদার কথা বিবেচনায় রেখে ১৯৭৭ সালের ২৯ অক্টোবর পল্লী বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন। গত ২৮ বছরে ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে প্রায় ৪৫ হাজার গ্রামে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি উদ্বোধনী ভাষণে আরো বলেন, বর্তমান সরকারের আমলে গত সাড়ে তিন বছরে প্রায় ৬২ হাজার কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের মাধ্যমে ২১ হাজার ৩শ’ ৭০টি গ্রামে পল্লী বিদ্যুৎ সম্প্রসারণ করা হয়েছে।
