মানিকগঞ্জে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগ সভাপতিকে
মানিকগঞ্জ সদর থানা আওয়ামী লীগ সভাপতি ও কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন আহম্মেদ ও যুবলীগ কর্মী রফিকুল ইসলামকে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে।
তাদেরকে আশংকাজনক অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানা পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদের কাজ শেষে জালাল উদ্দিন আহম্মেদ ও রফিকুল ইসলাম মোটর সাইকেল যোগে গ্রামের বাড়ি রাজিবপুর যাচ্ছিল। রাজিবপুর-কাটি গ্রাম সড়কের কুমের পাড় নামক স্থানে তারা পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৭/৮ জন সন্ত্রাসী দড়ি দিয়ে মোটর সাইকেলের গতিরোধ করে। এরপর সন্ত্রাসীরা তাদের বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি কিছুদূর নিয়ে সন্ত্রাসীরা ফেলে রেখে দেয়।
এলাকাবাসী রাত পৌনে দশটার দিকে তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
জালাল উদ্দিনের অবস্থা আশংকাজনক।
