নারীরা এখনও কম পারিশ্রমিক পাচ্ছে : জাতিসংঘ প্রতিবেদন
নারীর কাজ বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতের কাজের মূল্যায়ন না করে বিশ্ব দারিদ্র্য হ্রাস সম্ভব নয়। জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল (ইউএনআইএফইএম) প্রকাশিত এক নতুন গবেষণা প্রতিবেদনে এ তথ্য মিলেছে।
‘প্রগ্রেস অব দ্য ওয়ার্ল্ড’স ওমেন ২০০৫ : ওমেন, ওযার্ক এন্ড পোভার্টি’ শীর্ষক প্রতিবেদনে নারীর ভূমিকা, বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক যেমন- নিুমানের কারখানা, ছোট পারিবারিক ফার্ম এবং গৃহভিত্তিক কাজে নিয়োজিত শ্রমজীবী দুঃস্থ নারীর প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চলতি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, আজকের বৈশ্বিক অর্থনীতিতে অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিক সংখ্যা বাড়ছে। উন্নয়নশীল দেশে মোট কৃষি বহির্ভুত কাজের পরিমাণ ৫০ থেকে ৮০ শতাংশে দাঁড়িয়েছে।
এমনকি উন্নত দেশগুলোতে মোট কর্মসংস্থানের ২০ থেকে ৩০ শতাংশ হলো আত্মকর্মসংস্থান, খন্ডকালীন কাজ এবং ক্ষণস্থায়ী কাজ। অন্যদিকে, কৃষির বাইরে ৬০ শতাংশের বেশি নারী শ্রমিক অপ্রাতিষ্ঠানিক কাজের দিকে ঝুঁকে পড়ছে।
এছাড়া নারীদের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজের দিকে ঝোঁকার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে শুধু মজুরীই কম নয়, তা অনির্ভরশীলও।
রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশের সময় ইউএনআইএফইএম’র নির্বাহী পরিচালক নোয়েলিন হেইজার বলেন, নারী শ্রমিকের সংখ্যা বাড়লেও তাদের বেশিরভাগই অপ্রাতিষ্ঠানিক কাজের দিকে মনোযোগী হচ্ছে।
তিনি আরও বলেন, গবেষণায় পাওয়া তথ্য থেকে দেখা যায়, একজন নারী শ্রমিকের উপার্জিত অর্থে তার পরিবারের দারিদ্র্য দূর করা সম্ভব হয় না। নারীরা সাধারণভাবেই পুরুষের চেয়ে কম রোজগার করে। মানসম্পন্ন কাজে পুরুষের চেয়ে নারীর প্রবেশাধিকার কম। এছাড়া পর্যাপ্ত শিক্ষা সুযোগের অভাবেও তারা ভালো চাকরি কিংবা নিরাপদ আয়ের উৎস পর্যন্ত পৌঁছতে পারে না।
নারীরা অপ্রাতিষ্ঠানিক কাজ করছে, কেননা তাদের নিজস্ব কোনও পছন্দ নেই। নারীদের শিক্ষার সুযোগের পাশাপাশি দক্ষ হওয়ার সুযোগও কম।
অন্যদিকে, নারীদের খেয়ালি শ্রমিক হিসেবে গণ্য করা হয় এবং একই সঙ্গে কাজের অবমুল্যায়ন করা হয়। এছাড়া সরকারও নারীর জন্য কল্যাণকর অবকাঠামো ও স্বাস্থ্য সেবা খাতে বিনিয়োগ করছে না।
