ত্রি-দেশীয় গ্যাস পাইপলাইন প্রকল্প বাতিল করেছে ভারত
বাংলাদেশের ওপর দিয়ে মায়ানমার থেকে গ্যাস আমদানির লক্ষ্যে ত্রি-দেশীয় গ্যাসপাইপলাইন স্থাপনের যে পরিকল্পনা ভারত নিয়েছিল তা বাতিল করেছে।
এর পরিবর্তে ভারত এখন তার নিজস্ব ভূখন্ডের উত্তরপূর্বাঞ্চল দিয়ে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির কথা বিবেচনা করছে। এছাড়া মায়ানমারে একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কথাও ভাবছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের বাংলাদেশ সফরের সময় বাংলাদেশের পক্ষ থেকে ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন বাস্তবায়নের ব্যাপারে কোনও প্রতিশ্র“তি না পেয়ে নয়াদিল্লি মনে করছে, এ প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা শুক্রবার একথা জানায়।
প্রতিবেদনে বলা হয়, মায়ানমার থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে ভারত এখন বিকল্প হিসেবে তার নিজস্ব ভূখণ্ডের উত্তরপূর্বাঞ্চল দিয়ে স্থল পাইপলাইনের সাহায্যে গ্যাস আমদানির প্রতি জোর দেবে। ভারত মায়ানমার থেকে পরীক্ষামূলকভাবে সিএনজি শিপের মাধ্যমে কিছু গ্যাস আনার কথা ভাবছে বলেও পত্রিকাটি জানায়।
তবে পত্রিকাটি জানায়, এ সিএনজি গ্যাসকে পরে এলএনজিতে রূপান্তরিত করা এবং ট্যাঙ্কারের মাধ্যমে তা পরিবহন করা খুবই ব্যয়বহুল হবে। তাই এভাবে গ্যাস আমদানি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।
ভারত দু’দেশের বিদ্যুৎ দিয়েই মায়ানমারে একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কথা বিবেচনা করছে। পেট্রোলিয়াম মন্ত্রী মনি শঙ্কর আইয়ারও এর পক্ষে। তবে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে ভিন্ন একটি প্রস্তাব পাঠানো হতে পারে।
এ মাসের প্রথম দিককার আলোচনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির ক্ষেত্রে বাংলাদেশ তার ভূখণ্ড ব্যবহারের জন্য যে শর্ত দিয়েছে ভারত তাতে অসম্মতি জানায় এবং গ্রহণযোগ্য শর্ত দেওয়ার আহ্বান জানায়।
ভূখণ্ড ব্যাবহারের বদলে বাংলাদেশ চায় নেপাল ও ভূটান থেকে বিদ্যুৎ আমদানি এবং এ দু’টি দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের ট্রান্সজিট সুবিধা। এছাড়া ভারতের সাথে তার বাণিজ্য ঘাটতি কমানোর কথাও বলেছিল বাংলাদেশ।
পত্রিকাটি জানায়, বাংলাদেশ ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন প্রকল্পে অংশগ্রহণ করবে কিনা এবং করলে তার একটি সম্ভাব্য তারিখ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ যদি কোনও কারণে এ প্রকল্পে অংশগ্রহণ করতে না চায় তবে ভারত ও মায়ানমার অন্য বিকল্প খুঁজবে। এমনকি দু’দেশের মধ্যে সরাসরি ট্রানজিট রুটের কথাও তারা বিবেচনা করতে পারে বলে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।
