গাড়ির ২০ লাখ টাকার যন্ত্রাংশসহ ট্রাক আটক
চট্টগ্রামের পতেঙ্গা বেড়ি বাঁধ থেকে পুলিশ বৃহস্পতিবার রাতে সমুদ্রপথে চোরাচালান হয়ে আসা ২০ লাখ টাকা মূল্যের গাড়ির যন্ত্রাংশসহ একটি ট্রাক আটক করেছে।
ট্রাকচালক ছাড়া এ ঘটনায় আর কাউকে আটক করা যায়নি।
পতেঙ্গা থানা পুলিশ জানায়, রাত ৯টায় খেজুরতলা বেড়ি বাধঁ এলাকা থেকে টহল পুলিশ একটি সন্দেহজনক ট্রাক (ফেনী-- ড--১১০০৫৮) আটক করে। ট্রাকের মধ্যে প্রায় ২০ লাখ টাকা মূল্যের গাড়ির যন্ত্রাংশ পাওয়া যায়। পুলিশ ট্রাকচালক কামাল হোসেনকে আটক করে।
পুলিশ জানায়, আটককৃত মোটর পার্টসগুলো সমুদ্রপথে চোরাচালান হয়ে এসেছে।
তবে এ চোরাচালানের সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করা যায়নি।
এ ঘটনায় পতেঙ্গা থানার এসআই মনিরুজ্জামান বাদি হয়ে একটি চোরাচালান মামলা দায়ের করেন।
আটক ট্রাকচালক কামাল হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
