নিহত ভারতীয় নাগরিককে দেশে পাঠানো হয়েছে
বুধবার বনানিতে নিহত ভারতীয় ধনাঢ্য ব্যবসায়ী মজিদ আলমের লাশ বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা গ্রহণ করে দুপুরে তার নিজ বাড়িতে পাঠিয়ে দিয়েছে।
এদিকে হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত নিহত ব্যবসায়ির ছয় বাংলাদেশী অংশীদারকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা জেকে মুখার্জি দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশ গ্রহণ করেন। এসময় জেকে মুখার্জি উপস্থিত সাংবাদিকদের জানান, পরিবারের সদস্যদের কাছে বিমানযোগে তার মরদেহ পাঠানো হচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তার বুকে ও মাথায় দুটি বুলেট পাওয়া গেছে।
মজিদ আলমের হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত ছয়জনকে বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।
গুলশান থানার ওসি আদালতে বলেন, এই হত্যাকান্ডের একটি আন্তর্জাতিক প্রতিক্রিয়া আছে। ফলে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতরা হচ্ছে নিহতের ব্যবসায়িক অংশীদার সামশুল হক টিপু, ইলিয়াস তালুকদার, সাইদুর রহমান অর্পন, আহসান হাবিব, হেরিটেজ ইন্টারন্যাশনাল হোটেলের ব্যবস্থাপক বরকত আলী এবং হুমায়ুন কবীর।
