২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের এডিসি গোলাম কুদ্দুস ছুরিকাহত

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (জেনারেল) গোলাম কুদ্দুসকে একদল দুর্বৃত্ত গভীর রাতে তার বাসভবনে ঢুকে সারা শরীরে ছুরিকাঘাত করেছে। আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩ টায় দুর্বৃত্তরা গ্রিল কেটে তার বাসায় প্রবেশ করেছিল।

চট্টগ্রামের প্রশাসনে আলোচিত অফিসার গোলাম কুদ্দুসের ওপর হামলার কারণ ও হামলাকারিদের সম্পর্কে পুলিশ এখনও কোন ধারণা করতে পারেনি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

গত ৯ মে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে নানা ঘটনার জন্যে গোলাম কুদ্দুস আলোচিত হন। এর আগে তিনি তিনটি পার্বত্য জেলায় সেশন জজ হিসেবে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বুধবার গভীর রাতে পাঁচজন মুখোশধারী ব্যক্তি গ্রিল কেটে তার চকবাজারের বাসভবনে প্রবেশ করে। এসময় তিনি সবে মেরাজ উপলক্ষে সেহরির জন্যে তার স্ত্রীকে ঘুম থেকে জাগাতে যাচ্ছিলেন। তাকে দেখামাত্র দুর্বৃত্তরা এলোপাথাড়িভাবে তার শরীরে ছুরিকাঘাত করতে থাকে। তাকে মারাত্মক আহত করে দুর্বত্তরা ঘরের কোন জিনিসপত্র না নিয়ে দ্রুত বের হয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার শরীরের গলা, হাটু, কাঁধসহ ছয়টি অংশে সেলাই করা হয়। গোলাম কুদ্দুস বর্তমানে তার বাসায় অবস্থান করছে। চিকিৎসক ও পরিবার সূত্র মতে, তার শারীরিক অবস্থা এখন বিপদমুক্ত।

গোলাম কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, তিনি বুঝতে পারছেন না কেন তার ওপর এ হামলা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, তার জীবন নাশ করতে পারে এ ধরণের কোন শত্রু তার নাই।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ মকবুল, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিভাগীয় কমিশনার আশরাফ মকবুল বিডিনিউজকে বলেন, হামলার ঘটনাটি রহস্যজনক। তবে তিনি উল্লেখ করেন, তদন্তের মাধ্যমে প্রকুত ঘটনা প্রকাশ পাবেই।

এ ব্যাপারে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর গোলাম কুদ্দুসের বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সিটি করপোরেশন নির্বাচনের আগে ও পরে তার বাসায় পুলিশ মোতায়েন ছিল। হঠাৎ পুলিশ প্রত্যাহার করা হয়। এরপর তিনি পুলিশ মোতায়েন করতে পুলিশ কমিশনারে কাছে অনুরোধ জানায়। কিন্তু তা কার্যকর করা হয়নি।