বাংলাদেশের পর্যটন, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে আমিরাতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার বাংলাদেশের পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন।
আরও বেশি সংখ্যক বাংলাদেশী দক্ষ শ্রমিকের যাতে আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, সে লক্ষ্যে এদেশে একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলারও অনুরোধ জানান রাষ্ট্রপতি।
সংযুক্ত আরব আমিরাতের সফররত শিক্ষামন্ত্রী শেখ নাহিয়ান বিন মাবারাক আল নাহিয়ান বৃহস্পতিবার রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাত করলে রাষ্ট্রপতি এই অহ্বান জানান।
সাক্ষাতকালে রাষ্ট্রপতি আরব আমিরাতের বর্তমান সরকারের সময়ে দু’দেশের মধ্যে বিরাজমান সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় ধাবি গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশে হোটেল উন্নয়ন খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং দু’দেশের মধ্যে শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে সম্পর্ক তৈরীর ব্যাপারে চিন্তাভাবনা করবেন বলে জানান।
শেখ নাহিয়ান বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রম এবং নারীর ক্ষমতায়নের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।
জ্বালানি মন্ত্রনালয়ের নির্বাহী চেয়ারম্যান এবং উপদেষ্টা মাহমুদুর রহমান এবং রাষ্ট্রপতির সচিব আবু সোলায়মান চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
