২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমন কমিশনের সাংগঠনিক কাঠামো ও জনবল অনুমোদন, আগামী মাসেই কাজ শুরু

মন্ত্রিপরিষদ বিভাগ স্বাধীন দুর্নীতি দমন কমিশনের সাংগঠনিক কাঠামো ও জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

এর ফলে ১৫ সেপ্টেম্বরের মধ্যেই কমিশনে ৫০০ জনবল নিয়োগসহ এর পূর্নাঙ্গ কার্যক্রম শুরু করবে।

২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে আইন পাশ হওয়ার পর একই বছরের ২১ নভেম্বর সরকার স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করে। কিন্তু এর সাংগঠনিক কাঠামো প্রস্তুত এবং প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ নিয়ে গড়িমসি শুরু করে। ফলে কমিশন কার্যত: অচল হয়ে পড়ে।

সম্প্রতি বিশ্বব্যাংক প্রেসিডেন্টের চাপের মুখে সরকারের টনক নড়ে। কমিশন গঠনের প্রায় ১০ মাস পর এর একটি অস্থায়ী কাঠামো চূড়ান্ত করে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

কমিশনের সাংগঠনিক কাঠামো ও বাজেট দুর্নীতি দমন কমিশন আইনের ৩০ ধারা অনুযায়ী প্রণীত হওয়ার কথা। কিন্তু সরকারের অসহযোগিতার কারণে কমিশন বিধি অনুযায়ী তাদের কাজ করতে পারেনি। বরং কমিশন একটি সুপারিশ তৈরি করে তা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদিত কাঠমোর আওতায় লোকবল নিয়োগের ক্ষেত্রে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর এক হাজার আট জন কর্মকর্তার মধ্যে থেকে যোগ্য কিছু কর্মকর্তা ও কর্মচারিকে যাচাই বাচাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষে তাদের কমিশনে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে।

কমিশন সূত্র জানায়, ২০০৫ সালের জুন মাসে জারি করা এক প্রজ্ঞাপণ বলে বিলুপ্ত ব্যুরোর কর্মকর্তা ও কর্মচারিদের যাচাই বাছাই করে কমিশনে নিয়োগ দেওয়ার এ উদ্যোগ চলছে।

কমিশন সূত্রে জানা যায়, কমিশন প্রাথমিকভাবে বিলুপ্ত ব্যুরোর তদন্তাধীন ৪০টি অভিযোগ নিয়ে কার্যক্রম শুরু করবে। কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে তদন্তকারি কর্মকর্তা নিয়োগ করে এসব অভিযোগের তদন্ত করা হবে।

কমিশন গঠনের জন্য ২০০৪ সালের ২১ নভেম্বর একজন চেয়ারম্যান ও দুজন কমিশনার নিয়োগ দেওয়া হয়। গঠনের ১০ মাসের মধ্যে সরকার কমিশনের সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম সম্পর্কে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিতে পারেনি। ফলে কমিশন কোনো ধরণের কার্যক্রম চালাতে ব্যর্থ হয়।

এ অনুমোদনের মধ্য দিয়ে কমিশন গঠনের পর থেকে সৃষ্ট জটিলতা ও অনিশ্চয়তার নিরসন হলো।