২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশনের সেমিনারে বক্তারা: ফ্যাসিবাদী জঙ্গি শক্তি এখন রাষ্ট্রক্ষমতা দখলে উদ্যত

দেশে মৌলবাদ, জঙ্গিবাদ এবং উগ্রবাদ ভয়াবহ রূপ নিয়েছে। এই ফ্যাসিবাদী শক্তি এখন অতীতের সকল সীমা অতিক্রম করেছে। সুসংগঠিত সশস্ত্র জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে এই হিংস্র শক্তি রাষ্ট্রক্ষমতা দখলে উদ্যত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দু’দিনব্যাপী সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশনের শেষদিনে বুধবার ‘উগ্রবাদ ও জঙ্গিবাদ: প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। তারা বলেন, ’৭১ এর পরাজিত এই অপশক্তিকে পরাস্ত করতে অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ শক্তির সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই। সৃজনশীল এ কর্মযজ্ঞে দ্বিধা দ্বন্দ্ব ও কালক্ষেপণ মহাবিপর্যয়ের কারণ হতে পারে।

বক্তারা আরো বলেন, একটি অপশক্তি আমাদের সমস্ত অর্জনকে গ্রাস করতে চাইছে। এ অপশক্তি তাদের লক্ষ্য বাস্তবায়নে দৃঢ়বন্ধ। কাজেই দেশের শুভ চেতনার মানুষেকে আজ ঐক্যবদ্ধ হয়ে এ অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে।

আয়োজনে সভাপতিত্ব করেন মুজিবনগর সরকারের সাবেক মন্ত্রীপরিষদ সচিব এইচটি ইমাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত। আলোচনায় অংশ ড.ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক মুনতাসীর মামুন, জাসাদ (ইনু) নেতা মঈনুদ্দিন খান বাদল প্রমুখ।

মুল প্রবন্ধে অধ্যাপক আবুল বারাকাত বলেন, ১৭ আগস্টের দেশব্যাপী বোমা হামলার পর বাংলাদেশর ধর্মভিত্তিক উগ্র সাম্প্রদায়িকতা বিষয়টি এখন আর শুধু ‘সমস্যার’ পর্যায়ে নেই। এটি এখন উত্তরিত হয়েছে ‘সংকটে’। সাম্প্রদায়িকতার অনগ্রসর দৃষ্টিভঙ্গি দেশকে হাজার বছর পিছিয়ে দিতে পারে।

তিনি বলেন, গত ৩৪ বছরে দেশে একদিকে কালো টাকা, অপরাধ, সন্ত্রাস, পেশীশক্তি, দুর্নীতি ইত্যাদি আশংকাজনকভাবে বেড়েছে। অন্যদিকে কমেছে মানবিক মূল্যবোধ, রাজনীতিবিদদের দেশপ্রেম, অর্থনৈতিক সুযোগ, জাতীয় পুঁজির বিকাশ ইত্যাদি।

তিনি আরো বলেন, গত ৩৪ বছরে দেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে দ্বিগুন। কিন্তু দাখিল মাদ্রাসার সংখ্যা বেড়েছে আট গুন। দেশে মৌলবাদের অর্থনীতির এখন বার্ষিক নীট মুনাফা আনুমানিক এক হাজার ২০০ কোটি টাকা।

ড. ইমতিয়াজ আহমেদ বলেন, দেশ থেকে মৌলবাদ এবং ধর্মীয় সাম্প্রদায়িকতা উচ্ছেদ করতে হলে দেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এ শিক্ষা অবশ্যই হতে হবে সৃজনশীল।

অধ্যাপক মুনতাসির মামুন মৌলবাদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যারা ধর্ম নিয়ে রাজনীত করে, ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় এবং এ জন্য সহিংসতার পথ বেছে নেয় তারাই মৌলবাদী শক্তি।

তিনি বলেন, ভোটের রাজনীতি মৌলবাদকে উৎসাহিত করছে। এখন বিএনপিও একটি মৌলবাদী দল।

সভাপতির সমপানী বক্তব্যে টিএইচ ইমাম বলেন, ’৭১ এর পরাজিত শক্তির ভেতর থেকেই দেশে মৌলবাদের উত্থান। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমানের কাঁধে ভর করে রাতারাতি এদেশে তাদের উত্থান হয়েছে।

তিনি বলেন, মৌলবাদী গোষ্ঠির থাবার নীচে দেশ এখন ভয়াবহ অন্ধকারের মুখোমুখি। এ অবস্থা থেকে অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। এ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হবে অসাম্প্রদায়িক শক্তিরই।