২৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল ক্রয় বিক্রয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়িরা
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জ্বালানি তেলের বিক্রয় কমিশন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে অনিদিষ্টকালের জন্য তেল ক্রয় বিক্রয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
অ্যসোসিয়েশনের সভাপতি মো. নাজমূল হক বুধবার রাজধানির একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেন।
অ্যাসোসিয়েশনের নেতারা জানান, গত ১১ আগস্ট জ্বালানি উপদেষ্টা কাছে জ্বালানি তেলের বিক্রয় কমিশন বৃদ্ধি, কেরিং স্টোরেজ, লীকেজ এবং ইভাপোরেশন বাবদ পরিচালনা ক্ষতি প্রদান, ভেজাল ও কারচুপি রোধে মনিটরিং কমিটি গঠন ও প্রত্যেক ডিপোতে টেস্টিং ল্যাবরেটরি স্থাপন, স্টেশন, বিপণন ও বিনিয়োগ বিষয়ে সুনিদিষ্ট নীতিমালা প্রনয়ণসহ ১২ দফা দাবি ২৮ অগাস্ট মধ্যে মেনে নেওয়ার আহবান জানিয়ে আবেদন করা হয়। যদিও সরকার এখনও কোন ইতিবাচক সাড়া দেয়নি।
অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন, গত আড়াই বছর ধরে সরকারের সঙ্গে চারবার সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হলেও বাস্তবে তা কার্যকর করা হয়নি। ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের শেখ ফারুক, চট্টগ্রামের নির্বাহী সম্পাদক শফিউল ইসলাম খোকন, হারুনর রশিদ, মিজানুর রহমান রতন প্রমূখ।
তেল ব্যবসায়িরা জ্বালানি তেলের পরিচালনা ক্ষতি বাবদ ৩ শতাংশ ও বিক্রয় কমিশন ৫ শতাংশ করার দাবি করেন। তবে পরিচালনা ব্যয় খাতে পাম্প স্টেশনের জন্যে সরকারের বরাদ্দকৃত ৪৭ কোটি টাকা নিয়ে প্রশ্ন করা হলে তারা সরাসরি কোন উত্তর দেওয়া থেকে বিরত থাকেন।
বর্তমানে ডিজেলের জন্য ২ দশমিক ৬ শতাংশ ও অকটেনের জন্য ১ দশমিক ৯৬ শতাংশ কমিশন দেয়া হয়।
ডিপো থেকে তেল উত্তোলনে বর্তমান অব্যবস্থা উল্লেখ করে নাজমূল হক বলেন, বর্তমান পদ্ধতিতে যে কোন প্রতিষ্ঠান যে কোন পরিমান তেল তুলতে পারে। অথচ আগে ইনটেন্ড ইস্যু করে তেল উত্তোলন করা হতো। ফলে বর্তমান ব্যবস্থায় তেল পাচার সহজ।
জরুরি সেবা প্রতিষ্ঠানে ধর্মঘটের অধিকার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তেল ক্রয় ও বিক্রয়ে অধিকার আমাদের রয়েছে। প্রয়োজনে আমরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মাধ্যমে চ্যালেঞ্জ করব।
জ্বালানি তেল পাচার নিয়ে এক প্রশ্নে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, সরকারি কর্মকর্তারা জড়িত না থাকলে তেল পাচার সম্বব নয়। সীমান্তবর্তী অঞ্চলে বিশেষত্ব বেনাপোল, সাতক্ষীরা ও কক্সবাজার অঞ্চলে এত পাম্প স্টেশন স্থাপনে অনুমতি সরকার কেন দিয়েছে।
দেশে বর্তমানে পেট্রোল পাম্পের সংখ্যা ১৭০০। আরও ২০০ পাম্প অনুমোদনের অপেক্ষায় আছে।
