২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা ও ভিসাজনিত কারণে সন্ত্রাস বিরোধী কনভেনশনে যোগ দিতে পারেননি বেশ ক’জন বিদেশি

বাংলাদেশে নিরাপত্তার অভাব ও ভিসা জনিত জটিলতার কারণে সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশনে যোগ দিতে পারেননি বেশ ক’জন আমন্ত্রিত বিদেশি অতিথি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হওয়া দু’দিনের এ কনভেনশনে যোগ দেওয়ার জন্য দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতা ছাড়াও আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের বেশ ক’টি দেশের রাজনৈতিক ও মানবাধিকার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। কিন্তু বাংলাদেশে নিরাপত্তার অভাব ও ভিসা না পাওয়ায় তাদের অনেকেই এ অনুষ্ঠানে যোগ দিতে পারেন নি বলে অভিযোগ করেছেন কনভেনশনের আহ্বায়ক ব্যারিষ্টার রোকনউদ্দিন মাহমুদ।

এদিকে অনুষ্ঠানে আমন্ত্রিত জার্মান পার্লামেন্ট’র সদস্য প্রফেসর ড. উইনফ্রিড পিঙ্গার কনভেনশন উপলক্ষে পাঠানো এক বাণীতে বলেন, এতে যোগ দেওয়ার জন্য অমি সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। কিন্তু ‘কিছু অনাকাঙ্খিত পরিস্থিতি’ আমার বাংলাদেশ আসার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

ইউরোপিয়ান পার্লামেন্টে’র সদস্য ও মানবাধিকার বিষয়ক সংসদীয় কমিটির ভাইস চেয়ারম্যান জোহান ভ্যান হিক্ তার বাণীতে কনভেনশনের সার্বিক সাফল্য কামনা করে বলেন, ইচ্ছে থাকা সত্বেও গত ১৭ আগষ্ট বাংলাদেশ ব্যাপী সংঘটিত বোমা হামলার পর ইউরোপিয়ান পার্লামেন্ট’র নিরাপত্তা বিভাগ ঢাকা সফর না করার জন্য আমাকে পরামর্শ দেয়।

তবে অনেক প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত কনভেনশনে অংশ নিতে পেরেছিলেন আমেরিকান জুরিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার নেতা উইলিয়াম শ্লন। মঙ্গলবার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এমন একটি অনুষ্ঠানে’ যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকা সফরের ব্যাপারে তার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ভিসা পেতে হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তিনি। সন্ত্রাসে মদদ দেওয়ার জন্য সরাসরি জোট সরকারকে অভিযুক্ত করে তিনি সরকারের সার্বিক ভূমিকার কড়া সমালোচনা করেন।