বোমা হামলার অভিযোগে বাগেরহাটে আটক জঙ্গিকে খাগড়াছড়ি পুলিশের কাছে হস্তান্তর
খাগড়াছড়ি থেকে পালিয়ে আসা জামা’তুল মুজাহিদীন-এর সক্রিয় ক্যাডার ইসমাঈল জমাদ্দার (২৬)কে বাগেরহাট পুলিশ শরণখোলা থেকে আটকের পর মঙ্গলবার খাগড়াছড়ি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
খাগড়াছড়ি থেকে আসা পুলিশ দলটি ইসমাঈলকে নিয়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়ে গেছে।
পুলিশ সূত্র জানায়, খাগড়াছড়িতে আটক জামা’তুল মুজাহিদীন নেতা শহিদুল ও এমদাদুল হকের স্বীকারোক্তি অনুযায়ী বাগেরহাট পুলিশ ইসমাঈলকে তার গ্রামের বাড়ি শরণখোলার খোন্তাকাটা গ্রাম থেকে সোমবার গ্রেফতার করে। শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের মজিদ জমাদ্দারের পুত্র ইসমাঈল দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলা শহর সংলগ্ন শালবন এলাকায় বসবাস করতো এবং ফজলুল করীম কেরাতুল কোরান নূরানী মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষকতা করতো। ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার সময় সে খাগড়াছড়ি ছিলো। ওই ঘটনার পর সে পালিয়ে গ্রামের বাড়ি চলে আসে এবং চুল দাড়ি কেটে ফেলে।
বাগেরহাটের পুলিশ সুপার এম.মোস্তফা কামাল জানান, খাগড়াছড়ি পুলিশের তথ্য অনুযায়ী ইসমাঈলকে গ্রেফতার করা হয়। ইসমাঈল জামা’তুল মুজাহিদিনের সাথে সম্পৃক্ত হয়েছিলো এবং খাগড়াছড়ি জেলার দায়িত্বপ্রাপ্ত জনৈক নাসির তার কাছে যাওয়া আসা করতো বলে জানিয়েছে। সে দাবি করেছে, পরবর্তিতে সংগঠনের জিহাদী কর্মকাণ্ড পছন্দ না হওয়ায় সে তাদের সংশ্রব ত্যাগ করেছিলো। তবে খাগড়াছড়িতে আটককৃতরা ইসমাঈলকে তাদের দলের একজন গুরুত্বপূর্ণ কর্মী বলে দাবি করেছে।
