চুয়াডাঙ্গায় স্কুলের বাথরুম থেকে বোমা ও চিরকুট উদ্ধার
চুয়াডাঙ্গার ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের বাথরুম থেকে মঙ্গলবার পুলিশ ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলায় ব্যবহৃত বোমা সদৃশ একটি বোমা ও একটি চিরকুট উদ্ধার করেছে।
স্কুলের প্রধান শিক্ষক নুর-ই-আলম মোর্শেদা বিডিনিউজকে জানান, বেলা সাড়ে দশটার দিকে সুইপার বাথরুম পরিস্কার করার সময় বোমাটি দেখতে পায়। পরে বিষয়টি সদর থানায় জানানো হলে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল বোমা ও চিরকুট উদ্ধার করে।
চিরকুটে প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে লেখা ছিল-‘আজ (মঙ্গলবার) বেলা ১০টা থেকে দুইটার মধ্যে বোমাটি বিস্ফোরিত হবে। খুব তাড়াতাড়ি দুই লাখ টাকা রেডি কর-নইলে আরো বোমা ফাটবে-ইতি জাবেদ ভাই’।
এ ব্যাপারে সদর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার মিজান কোন মন্তব্য করতে অস্বীকার করেন। তবে দারোগা সাইদ জানান, ১৭ আগস্টের বোমা সদৃশ হলেও বোমাটি ছিল অকেজো। আতংক সৃষ্টির উদ্দেশ্যেই এটি করা হয়েছে বলে তিনি জানান।
