২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কপোতাক্ষ নদে বাস ডুবে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন, আরও একজনের লাশ উদ্ধার

খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদে সোমবার নিয়ন্ত্রণ হারিয়ে বাস ডুবে যাওয়ার ঘটনায় মঙ্গলবার আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 06:07 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

এ নিয়ে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে খুলনা জেলা প্রশাসন এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার ভোরে পুনরায় উদ্ধার অভিযান শুরু হওয়ার পর বেলা ১১টার দিকে ফেরি ঘাট থেকে প্রায় দু’শ গজ দূরে নদী থেকে সাবিহা সুলতানা নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সাবিহা সুলতানা (১১) কুড়িগ্রাম জেলার হাজী কুঠি গ্রামের শামসুল হক মন্ডলের কন্যা। সোমবার সন্ধ্যায় শামসুল হকের স্ত্রী ফাতেমা (৩৫) এবং ছেলে সৌরভের (৯) লাশ উদ্ধার করা হয়েছিল। এ পর্যন্ত মোট ছয়জনের লাশসহ ডুবে যাওয়া বাসটিকে ( পাবনা-জ-০৪-০০২৪) উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে, অন্যদের লাশ প্রবল স্রোতে ভেসে গেছে।

ঘটনার পর খুলনা জেলা প্রশাসন কয়রা উপজেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী পাঁচ দিনে মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

অপর দিকে এ ঘটনায় শার্শা উপজেলার নুরুল ইসলামের ভাই গাউস বাদী হয়ে মঙ্গলবার কয়রা থানায় মামলা দায়ের করেছেন।