বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রানার সম্পাদক মুকুলের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
যশোরের দৈনিক রানার পত্রিকার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় হত্যা মামলার বিচার কাজ এখনও শুরু না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
মুকুলের মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে মঙ্গলবার যশোর প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, মুকুল বন্ধু ফোরাম এবং নিহতের পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।
এ উপলক্ষে প্রেসক্লাব, যশোরের নিজস্ব ভবনে আলোচনা ও স্মরণসভায় প্রেসক্লাব সভাপতি ফকির শওকত, কিরণ সাহা, মবিনুল ইসলাম মবিন, আনোয়ারুল কবির নান্টু, আহসান কবির প্রমুখ বক্তব্য রাখেন।
মুকুল বন্ধু ফোরাম হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে শহরে মানববন্ধন ও কাঙ্গালি ভোজ আয়োজন করে।
অন্যদিকে, পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও কাঙ্গালি ভোজ আয়োজন করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিকরা কালোব্যাজ ধারণ, প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন, কোরান খানি এবং মুকুলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে, হত্যাকাণ্ডের সাত বছর পরও মামলাটির তদন্ত শেষ হয়নি। হাইকোর্টের নির্দেশে সম্প্রতি সিআইডি নতুন করে মামলটির তদন্ত শুরু করেছে। মামলার বাদি নিহতের স্ত্রী হাফিজা আক্তার শিরিন আশা করছেন, তারা ন্যায় বিচার পাবেন।
দীর্ঘ তদন্ত শেষে সিআইডি ২২ জনকে অভিযুক্ত করে ১৯৯৯ সালের ২৩ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। কিন্তু এরপর থেকে মামলাটি দীর্ঘসূত্রিতায় পড়ে।
রানার সম্পাদক মুকুল ১৯৯৮ সালের ৩০ আগস্ট শহর থেকে পত্রিকা কার্যালয়ে যাওয়ার পথে রাত ১০ টায় দুর্বত্তদের নিক্ষিপ্ত বোমায় নিহত হন।
