দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর গোয়েন্দা সংস্থার নজরদারি
দেশব্যাপী ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের পর থেকে গোয়েন্দা সংস্থাগুলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর কড়া নজর রাখছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এ নজরদারি অব্যাহত থাকবে বলে গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা জানান।
গোয়েন্দা সূত্র জানায়, ডিএমবি (খুলনা) গোয়েন্দা সংস্থা গত ২৬ আগস্ট তাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে ডেকে জেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের মাদ্রাসা, মসজিদের তালিকা তৈরি এবং মাদ্রাসা বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের গতিবিধির ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে।
গোয়েন্দা সংস্থার কাছে খবর রয়েছে যে, কিছু মাদ্রাসায় আহলে হাদিস আন্দোলনের দু’একজন প্রতিনিধি ছাত্র বেশে রয়েছে। তাদেরই মদদে ওইসব মাদ্রাসার ছাত্ররা আহলে হাদিস আন্দোলনে যোগ দিচ্ছে।
এদিকে গত ১৭ আগস্ট খুলনায় বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার ছাড়া প্রশাসন কোন সাফল্য দেখাতে পারেনি।
তবে সিটি এসবি’র কর্মকর্তারা বিডিনিউজকে জানান, তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। কোন কোন মাদ্রাসায় জঙ্গিদের তৎপরতা রয়েছে কী না তা তারা খতিয়ে দেখছে। তবে এখনও জঙ্গিদের তালিকা তৈরির কাজ শেষ হয়নি।
