২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনঃসম্প্রচার লাইসেন্স পাওয়ার ৫ মাস পরও একুশে টিভির ফ্রিকোয়েন্সি বরাদ্দ দিচ্ছে না বিটিআরসি

দেশের প্রথম বেসরকারি টেরিস্টরিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি) বন্ধ রয়েছে তিন বছর ধরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

অনেক কাঠখড় পুড়িয়ে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে ২০০৫ সালের ১১ এপ্রিল পূনঃসম্প্রচার লাইসেন্স পায় ইটিভি। কিন্তু এরপর পাঁচ মাস অতিবাহিত হলেও চ্যানেলটি চালুর জন্যে প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি বরাদ্দ দিচ্ছে না বিটিআরসি।

একুশে টেলিভিশন বন্ধ হয়ে যাওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে সোমবার প্রতিষ্ঠানটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে হোটেল শেরাটনে দেশের শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম একথা জানান।

তিনি ইটিভির পুনঃসম্প্রচার সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সরকার এবছর ১১ এপ্রিল একুশে টেলিভিশনকে পুনঃসম্প্রচার লাইসেন্স প্রদান করার পর পাঁচ মাস কেটে গেলেও ফ্রিকোয়েন্সি বরাদ্দ দিচ্ছে না বিটিআরসি। তিনি এ সম্পর্কিত সবধরনের জটিলতা নিরসনে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত পত্রিকার সম্পাদকবৃন্দ খোলামেলা মতবিনিময় করেন এবং একুশে টেলিভিশন আবার চালু করার ব্যাপারে তাদের সমর্থন ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন-ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান, বাংলাদেশ অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, মানব জমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিডিনিউজ সম্পাদক রাশেদ চৌধুরী, সংবাদ-এর নির্বাহি সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, ইনডিপেন্ডেট-এর খলিলুর রহমান, ভোরের কাগজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামল দত্ত, আজকের কাগজ-এর নির্বাহি সম্পাদক কাজী নাবিল আহমেদ, দৈনিক ইনকিলাব-এর উপ সম্পাদক তারিকুল ইসলাম, প্রথম আলোর উপ সম্পাদক আবদুল কাইউম, নিউ এইজ-এর নির্বাহি সম্পাদক নুরুল কবির। একুশে টিভির পক্ষে উপস্থিত ছিলেন-অনুষ্ঠান পরিচালক আতিকুল হক চৌধুরী, সম্প্রচার বিভাগের প্রধান মিকাইল হুদা এবং কমিশনিং এডিটর সাগর দীপা গুহ রায়।

সকালে একুশে টেলিভিশনের মুক্ত খবরের শিশু সাংবাদিকরা একুশে টেলিভিশনকে দ্রুত ফ্রিকোয়েন্সি বরাদ্দের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি স্মারকলিপি প্রদান করে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্মারকলিপি গ্রহণ করেন প্রশাসন প্রধান সুলতান মাহমুদ। বিকেলে পাবলিক লাইব্রেরি থেকে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত একটি র‌্যালি বের করে মুক্ত খবরের শিশু-কিশোররা। র‌্যালিতে তারা একুশে আবার চালুর দাবিসহ বর্ণিল ফেস্টুন, ব্যানার বহন করে।