টাঙ্গাইলে আটক ২ জঙ্গিকে ডাকাতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে জুনের মাঝামাঝি সময়ে গ্রেফতার করা দুই জঙ্গিকে পুলিশ বোমা ও অস্ত্র সংক্রান্ত ব্যাপারে বা জঙ্গি তৎপরতার জন্য আদালতে হাজির না করে ডাকাতি মামলায় আটক দেখিয়েছে।
এদের একজন আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করে।
পুলিশ জানায়, ১৩ জুন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলেশ্বরী নদীর চরাঞ্চল তারাবাড়ি গ্রামে দু’টি বোমার বিস্ফোরণ ঘটলে এলাকাবাসী ঘটনাস্থল থেকে সন্দেহভাজন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরা হচ্ছে, বগুড়া জেলার গাবতলী উপজেলার হাপানিয়া গ্রামের মাঈনুল ইসলাম রাঙ্গা মিয়া (২৫) ও শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাপের ভিটা গ্রামের মেসবাউল সালেহীন রাজন (২৪)। এর মধ্যে রাঙ্গা ২০০৩ সালের ১৫ আগস্ট জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট মামলার আসামি।
রাঙ্গা ও রাজনকে ১৭ জুন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তাদের মুক্তির ব্যাপারে তদবির করতে আসা দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খালিদ সিদ্দিকী ও বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলার বোরহান উদ্দিন ভূঁইয়াকে পুলিশ গ্রেফতার করে। পরে এদেরকে নামমাত্র জিজ্ঞাসাবাদ করে ডাকাতি মামলায় গ্রেফতার দেখানো হয়।
