ফরিদ উদ্দিন মাসউদ আবারও ৮ দিনের রিমান্ডে
দেশব্যাপী ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে পাঁচ দিনের রিমান্ড শেষে পুনরায় আট দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
গত ১৭ আগস্ট বোমা বিস্ফোরণে সাথে জড়িত জামাআতুল মুজাহিদীনের অর্থের মূল যোগানদাতা হিসেবে ২২ আগস্ট বিমান বন্দর থেকে গ্রেপ্তারকৃত মাসউদকে সোমবার পুনরায় ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় গোয়েন্দা পুলিশ। অন্যদিকে মাওলানা মাসউদের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। মহানগর হাকিম কামরুননাহার উভয় পক্ষের শুনানী শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময়ে তিনি গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন, তারা যেন মাসউদকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করে। এছাড়া আদেশে আসামীর চিকিৎসার ব্যবস্থা করতেও বলা হয়েছে।
রিমান্ডের আবেদনে ডি.বি ইন্সপেক্টর ফজলুল হক বলেন, মাওলানা মাসউদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। এ ব্যাপারে তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
অন্যদিকে, রিমান্ডের শুনানীকালে মাসউদ বলেন, আমি আল্লাহর উপর বিশ্বাস করি, সত্য একদিন উদঘাটিত হবে। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। এখন লেখালেখি করি। ইসলামের নামে যারা সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে প্রচুর বই লিখেছি। এছাড়াও ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে সেমিনারে অংশ নিয়েছি। তিনি জেলে বসে তার লেখা চালিয়ে যাওয়ার জন্য বিচারকের কাছে কাগজ ও কলম সরবরাহের আহ্বান জানান।
