রানার সম্পাদক মুকুলের ৭ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার, মামলার তদন্ত নতুন করে সিআইডিতে
যশোরে দৈনিক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের সপ্তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিকে হত্যাকাণ্ডের সাত বছর পরও মামলাটির তদন্ত শেষ হয়নি।
হাইকোর্টের নির্দেশে সম্প্রতি সিআইডি নতুন করে মামলটির তদন্ত শুরু করেছে। মামলার বাদি নিহতের স্ত্রী হাফিজা আক্তার শিরিন আশা করছেন, তারা ন্যায় বিচার পাবেন।
যশোর থেকে প্রকাশিত দৈনিক রানারের সম্পাদক সাইফুল আলম মুকুল ১৯৯৮ সালের ৩০ আগস্ট খুন হন। শহর থেকে পত্রিকা অফিসে ফেরার পথে রাত ১০টা ১০মিনিটে এক দল দুর্বৃত্ত বোমা হামলা করে তাকে হত্যা করে।
দীর্ঘ তদন্ত শেষে সিআইডি ২২ জনকে অভিযুক্ত করে ১৯৯৯ সালের ২৩ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। কিন্তু এরপর থেকে মামলাটি দীর্ঘসূত্রিতায় পড়ে।
মুকুলের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর প্রেসক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন কালো পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
